গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে সরকার। একই সঙ্গে গণমাধ্যম সংস্কারের রূপরেখা প্রণয়নের মাধ্যমে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জাতীয় গণমাধ্যম কমিশন’ গঠনের প্রস্তাবনা ও কাঠামো নির্ধারণ বিষয়ক এক কর্মশালায় এসব কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
কর্মশালায় তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীজন। তাই সংস্কার প্রক্রিয়ায় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে একত্রিত করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, সরকারের ভূমিকা এখানে মূলত সমন্বয়কারী হিসেবে থাকবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি করা সম্ভব হবে, যা গণমাধ্যম খাতের উন্নয়নে সহায়ক হবে।
কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরার সুযোগ থাকা জরুরি, যাতে তা সংশোধনের মাধ্যমে শাসনব্যবস্থাকে আরও কার্যকর করা যায়।
অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, জবাবদিহিতা এবং প্রস্তাবিত জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো নিয়ে বিস্তারিত মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন।