দেশের স্বাস্থ্যব্যবস্থা এগিয়ে নিতে শুধু চিকিৎসকদের ভূমিকার ওপর নির্ভর করা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতকে টেকসই করতে নার্স ও মিডওয়াইফদের ঘাটতি পূরণ এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে নার্স ও মিডওয়াইফের বড় ধরনের সংকট রয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই খাতে বিদ্যমান জনবল আরও ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা জরুরি।
তিনি আরও জানান, দেশের স্বাস্থ্যসেবার কাঠামোগত একটি বড় ভারসাম্যহীনতা রয়েছে। তার ভাষায়, দেশের প্রায় ৮০ শতাংশ চিকিৎসক শহরকেন্দ্রিকভাবে কাজ করছেন, অথচ জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই বসবাস করেন গ্রামে। এই বৈষম্য দূর করা না গেলে স্বাস্থ্যসেবা পুরোপুরি জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব নয়।
আরও পড়ুন
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এম এ মুহিত আরও বলেন, উচ্চশিক্ষিত পেশাজীবীদের (যেমন চিকিৎসক ও প্রকৌশলী) তুলনায় সাধারণ শ্রমিকদের রেমিট্যান্স অবদানের হার বেশি। তাই কেবল উচ্চশিক্ষিত পেশাজীবীদের বিদেশে যাওয়ার ওপর রেমিট্যান্স বৃদ্ধির প্রত্যাশা সঠিক নয়। তবে গবেষণা ও উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়া অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার এখনই বড় পরিসরে চিকিৎসক ও নার্সদের বিদেশে পাঠানোর মতো অবস্থায় নেই। দেশীয় স্বাস্থ্য খাতকে শক্তিশালী করাই এখন মূল অগ্রাধিকার।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে সম্ভাব্য মহামারি ও সংক্রামক রোগ মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে বাজেটেও প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।