দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) পাওনা ৬ কোটি ৬ লাখ টাকা পরিশোধের মাধ্যমে বিল নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বৃহস্পতিবার (১৮ জুন) সিসিক সূত্রে জানা গেছে, সম্প্রতি নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিউবোর সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ–১, ২, ৩ ও ৪-এর কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন।
পরিশোধ করা অর্থ মূলত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবাখাতের বিদ্যুৎ ব্যবহারের বিল। এর মধ্যে রয়েছে নগরবাসীর পানি সরবরাহ ব্যবস্থা, রাস্তার স্ট্রিট লাইট এবং সিসিক পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান- যেমন মা ও শিশু হাসপাতাল ও শিশু পার্কের বিদ্যুৎ বিল।
আরও পড়ুন
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা নগরীর বিদ্যুৎ সেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও উন্নত করার বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিউবোর কর্মকর্তারা বলেন, বকেয়া পরিশোধের ফলে বিদ্যুৎ সরবরাহ ও বিলিং ব্যবস্থাপনায় সমন্বয় আরও সহজ হবে। পাশাপাশি নগর সেবার কার্যক্রমে গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়।
সিসিক কর্মকর্তারা জানান, নগরীর মৌলিক সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এমন বকেয়া পরিস্থিতি এড়াতে আরও কার্যকর আর্থিক ব্যবস্থাপনা নেওয়া হবে বলেও তারা জানান।