বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিমানবন্দর থানায় প্রাইভেট কার চালক বাবুল হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. আবু সাঈদ আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি আরিফ হাসান এই হত্যাকাণ্ড ও হামলার ঘটনাটি সংঘটিত করার জন্য মূল হামলার ঘটনাটি সংঘটিত করার জন্য মূল অর্থ জোগানদাতা হিসেবে কাজ করেছেন এবং তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংসতায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
আরও পড়ুন
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অপরদিকে, আরিফ হাসানের আইনজীবী তাহমিনা সুলতানা আদালতে গ্রেফতার আবেদন নামঞ্জুরের শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার নামে নয়টি মামলা আছে। তার হার্টে রিং পরানো। একই দিনে বিভিন্ন জায়গায় গিয়ে সে কীভাবে হামলা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই বছরের ১৮ জুলাই উত্তরা এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন প্রাইভেটকার চালক বাবুল। পরে চিকিৎসাধীন অবস্থায় উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় গত বছরের ২২ জুলাই বিমানবন্দর থানায় ভিক্টিম বাবুলের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন।