ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর, পরবর্তী দফার আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে গেছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে হোয়াইট হাউজ এই তথ্য নিশ্চিত করেছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি আলোচনার পরিকল্পনাটি এখনো চূড়ান্ত রূপ পায়নি। তবে মার্কিন প্রতিনিধি দল আলোচনার প্রথম সুযোগ তৈরি হওয়া মাত্রই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিবৃতিতে বলা হয়, এই ধরনের আলোচনার লজিস্টিকস বা ব্যবস্থাপনা কখনোই সহজ কিংবা পূর্বানুমানযোগ্য হয় না।
লেবাননভিত্তিক গণমাধ্যম ‘আল মায়াদিন’-এর রিপোর্টের পর হোয়াইট হাউজ থেকে এই ঘোষণা এলো। গণমাধ্যমটি দাবি করেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক হামলার প্রতিবাদে তেহরান তাদের প্রতিনিধি দলের সুইজারল্যান্ড সফর আপাতত স্থগিত রেখেছে।
এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মুখোমুখি আলোচনাকে ‘অপরিহার্য’ বলে অভিহিত করেন। তবে তিনি স্পষ্ট করে দেন, আলোচনা করার অর্থ এই নয় যে শত্রুর মতামত বা সিদ্ধান্তকে মেনে নেওয়া। তিনি কখন সুইজারল্যান্ড সফর করবেন, তা সুনির্দিষ্ট করে জানেন না বলেও সাংবাদিকদের জানান।
সময়ের আলো/কহু