জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়েছে মার্কিন সামরিক কমান্ড। বুধবার (১৭ জুন) মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের ‘ইন্দো-প্যাসিফিক কমান্ডের’ নাম পরিবর্তন করে পুরোনো নাম ‘প্যাসিফিক কমান্ড’ ফিরিয়ে আনার ঘোষণা দেয়। খবর এনডিটিভির।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, এই সামরিক শাখার ইতিহাস, ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক পরিচয়কে সম্মান জানাতেই এই নাম পরিবর্তন।
এই ঘোষণার সঙ্গে প্রকাশিত নতুন মানচিত্রে ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ এবং আকসাই চীনকে ভারতের বাইরে দেখানো হয়েছে। এ ঘটনায় ভারতে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মানচিত্র নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের পুরোনো বিতর্কও আবারও সামনে এসেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লির সরকার সব সময়ই জম্মু-কাশ্মীর ও আকসাই চীনকে দেশের অবিচ্ছেদ্য অংশ দাবি করে আসছে। তবে চীন ও পাকিস্তান এই দাবিকে স্বীকৃতি দেয় না। এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর) তাদের এক পোস্টে আজাদ কাশ্মীর ও আকসাই চীনকে ভারতের অন্তর্ভুক্ত দেখিয়েছিল। পরে পাকিস্তানের আপত্তির মুখে ইউএসটিআর সামাজিক মাধ্যম ‘এক্স’ থেকে পোস্ট সরিয়ে নেয়।
মার্কিন সংস্থাগুলো সাধারণত এই সংবেদনশীল এলাকায় নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে ‘লাইন অব কন্ট্রোল’ বা নিয়ন্ত্রণ রেখাকে ডট ডট দিয়ে চিহ্নিত করে।
আমেরিকার এই মানচিত্র বিতর্ক নতুন নয়। ২০১১ সালেও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আজাদ কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখানোয় ভারত আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল।
১৯৪৭ সালের ১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের সময় প্রতিষ্ঠিত হয়েছিল ‘মার্কিন প্যাসিফিক কমান্ড’। ২০১৮ সালে ট্রাম্পের সময় প্রথমবার নাম বদলে ‘ইন্দো-প্যাসিফিক কমান্ড’ করা হয়। এখন আবার সংস্থাটি পূর্বের নামে ফিরে গেল।
সময়ের আলো/আআ