সাংবাদিক হেনস্তার অভিযোগ, বুম-ক্যামেরা ধাক্কা দিয়ে অফিস ছাড়লেন এসিল্যান্ড

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরকারি অর্পিত সম্পত্তির ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে

2026-06-19T11:29:24+00:00
2026-06-19T11:29:24+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
সাংবাদিক হেনস্তার অভিযোগ, বুম-ক্যামেরা ধাক্কা দিয়ে অফিস ছাড়লেন এসিল্যান্ড
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১১:২৯ এএম 
সাংবাদিকদের বুম-ক্যামেরা ধাক্কা দিয়ে অফিস ছাড়ছেন এসিল্যান্ড। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরকারি অর্পিত সম্পত্তির ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে তাঁর কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী সাংবাদিকরা। তাঁরা হলেন যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ এবং সময় টিভির সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু।

সাংবাদিকদের অভিযোগ, সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া মৌজায় রংপুর মহাসড়ক ফোরলেন প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে তাঁরা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে যান। সেখানে প্রবেশের পর কর্মকর্তা তাঁদের মোবাইল ফোন ও ক্যামেরা টেবিলে রাখতে বলেন। পরে বুম ও ক্যামেরা দেখে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং প্রশ্নের উত্তর না দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

একপর্যায়ে সাংবাদিকদের হাতে থাকা বুম ও ক্যামেরা ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং তাঁদের কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি সরকারি গাড়িতে করে দ্রুত কার্যালয় ত্যাগ করেন। পুনরায় বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য করেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসানপাড়া মৌজার ১/১ খতিয়ান ও ২৩৭ নম্বর বিআরএস খতিয়ানভুক্ত প্রায় সাড়ে ছয় শতক অর্পিত সম্পত্তি, যা সরকারের ‘ক’ তফসিলভুক্ত, সেটিকে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে প্রায় তিন কোটি টাকা ক্ষতিপূরণ তোলার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা এবং উপজেলা ভূমি অফিসের কিছু কর্মকর্তার যোগসাজশের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ২০২২ সালে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট তহশিলদারের প্রতিবেদনে ওই জমিতে সরকারের কোনো স্বার্থ নেই বলে উল্লেখ করা হয়। তবে ২০২৫ সালে দায়িত্বপ্রাপ্ত তহশিলদার আতিয়ার রহমানের প্রতিবেদনে জমিটিকে অর্পিত ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি হিসেবে উল্লেখ করে সীমানা নির্ধারণের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

এই পরস্পরবিরোধী তথ্যের ব্যাখ্যা জানতে গিয়েই সাংবাদিকরা কর্মকর্তার মুখোমুখি হন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের নভেম্বরে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও তাঁর পরিবারের সদস্যরা ওই জমির বিপরীতে প্রায় ২ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৯৩২ টাকা ক্ষতিপূরণ গ্রহণ করেন। তবে একই জমির মালিকানা দাবি করে আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আসাদুল্লাহ ফারুকী।

এ বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বিষয়টি বিস্তারিত শুনতে সাংবাদিকদের তাঁর কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে জেলা প্রশাসককে অবহিত করার পরামর্শ দিয়েছেন।

জানা গেছে, ৩৮তম বিসিএসের কর্মকর্তা মো. জসিম উদ্দিন ২০২৪ সালের ৩ অক্টোবর সাদুল্লাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। চলতি বছরের ২৪ মার্চ তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পান এবং ২০ এপ্রিল রংপুরের কাউনিয়া উপজেলায় বদলির আদেশ জারি হয়। তবে প্রায় দুই মাস পরও তিনি সাদুল্লাপুরে কর্মরত থাকায় স্থানীয় মহলে নানা আলোচনা চলছে।

ঘটনার পর উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, দ্রুত বদলি এবং অর্পিত সম্পত্তির ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   সাংবাদিক  হেনস্তা  অভিযোগ  অফিস  এসিল্যান্ড  গাইবান্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: