টেকসই সাংস্কৃতিক পর্যটনের বিকাশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’। শুক্রবার (১৯ জুন) ফুলছড়া চা বাগান মাঠে এ উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি এবং এথনিক ট্যুরিজমের বিকাশে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার বিষয়েও সরকার কাজ করবে। পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকারে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং কমিউনিটি, এথনিক ও ওয়াটার ট্যুরিজমকে গুরুত্ব দেওয়া হয়েছে। হারমোনি ফেস্টিভ্যালের মাধ্যমে বিলুপ্তপ্রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে নতুন সম্ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানান, হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এ মোট ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্টলে তাদের ঐতিহ্যবাহী খাবার, পোশাক, গহনা, শিকার সামগ্রী ও জীবনধারার নানা উপকরণ প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি নাচ, গান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে তাদের সংস্কৃতি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, পর্যটন শিল্পে নতুন পণ্য উন্নয়ন ও প্রচারের অংশ হিসেবে প্রতিবছর নির্দিষ্ট সময়ে শ্রীমঙ্গলে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি কমিউনিটি-ভিত্তিক পর্যটনের প্রসার এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখবে এই উৎসব।
সময়ের আলো/আরবিএন