বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান সরকার প্রধান তারেক রহমান বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন। উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মাধ্যমে সুজলা-সুফলা বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি পরিবেশগত বিপর্যয় রোধ করা সম্ভব হবে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার নতুন কনফারেন্স রুমে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বীজ, চারা, সার, কৃষি প্রণোদনা, নগদ অর্থ বিতরণ এবং ‘কৃষক পার্টনার কংগ্রেস’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান আরও বলেন, বাংলাদেশে কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে যখন তীব্র খাদ্যের অভাব ছিল, সেই সময় তিনি কৃষিকে আধুনিক প্রযুক্তির আওতায় এনে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন।
অনুষ্ঠানে কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে উত্তম কৃষি চর্চা, ফল-সবজি উৎপাদনের মানদণ্ড নির্ধারণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে ড. মঈন খান স্থানীয় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল রোপা আমন ধান, গ্রীষ্মকালীন মরিচের বীজ, সার, কীটনাশক, বিভিন্ন গাছের চারা ও নগদ অর্থ বিতরণ করেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহউদ্দিন ও শারমিন আক্তার।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন শামীম।
উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট বাসেদ মিয়া এবং পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
সময়ের আলো/জোই