লা রোজার সামনে গ্রিন ফ্যালকনস

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্পেন হতাশ করেছে সমর্থকদের। কেপভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে লুইস দে লা ফুয়েন্তের দল। টুর্নামেন্টের অন্যতম

2026-06-21T02:52:54+00:00
2026-06-21T02:52:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
লা রোজার সামনে গ্রিন ফ্যালকনস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ২:৫২ এএম 
ছবি : সংগৃহীত
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্পেন হতাশ করেছে সমর্থকদের। কেপভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে লুইস দে লা ফুয়েন্তের দল। টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে মাঠে নামলেও ম্যাচজুড়ে আক্রমণে ধারহীন ছিল লা রোজা। বলের দখল নিজেদের কাছে রাখলেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। শেষ দিকে তরুণ তারকা লামিনে ইয়ামাল মাঠে নেমে কিছুটা গতি আনলেও জয় এনে দিতে পারেননি।

অন্যদিকে সৌদি আরবও নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আত্মবিশ্বাস নিয়ে ম্যাচে নামছে। ডিফেন্ডার আবদুলেলাহ আল আমরি প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। তবে শেষ দিকে ম্যাক্সি আরাউহোর গোলে জয় হাতছাড়া হয় গ্রিন ফ্যালকনসদের।

ফলে গ্রুপ ‘এইচ’-এর চারটি দলেরই সংগ্রহ এখন এক পয়েন্ট। তাই দ্বিতীয় ম্যাচগুলো গ্রুপের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ম্যাচে জয় পাওয়া দল নকআউট পর্বে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। ফিফা র‌্যাংকিংয়েও দুই দলের মধ্যে পার্থক্য বেশ বড়। স্পেন বর্তমানে বিশ্বের শীর্ষ সারির দলগুলোর একটি, যারা অবস্থান করছে দ্বিতীয়তে এবং ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শক্তিধর দেশ। অন্যদিকে সৌদি আরব র‌্যাঙ্কিংয়ে ৬১তম অবস্থানে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মুখোমুখি পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপে একবার এবং দুটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে স্পেন। লা রোজার বিপক্ষে এখনও কোনো জয় নেই সৌদি আরবের। সাম্প্রতিক ফর্ম বিবেচনায়ও এগিয়ে স্পেন। ২০২৪ ইউরো জয়ের পর তারা ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে। পেদ্রি, রদ্রি, নিকো উইলিয়ামস এবং লামিনে ইয়ামালকে ঘিরে গড়ে ওঠা দলটি দ্রুতগতির আক্রমণ এবং বল দখলভিত্তিক ফুটবলের জন্য পরিচিত।

তবে সৌদি আরবকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০২২ বিশ্বকাপের গ্রুপপর্বে তারা আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে বিস্মিত করেছিল। সেই ম্যাচ এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়। তাই স্পেনের জন্য এটি একটি বড় সতর্কবার্তাও বটে। তারকা খেলোয়াড়দের মধ্যে স্পেনের সবচেয়ে বড় ভরসা লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই তিনি বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া নিকো উইলিয়ামস, পেদ্রি এবং রদ্রিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন।


সৌদি আরবের মূল শক্তি তাদের দলগত সংহতি এবং শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ। অধিনায়ক সালেম আল-দাওসারি, ডিফেন্ডার আবদুলেলাহ আল আমরি এবং ফরোয়ার্ড ফিরাস আল-বুরাইকানের ওপর অনেকটাই নির্ভর করবে দলটির ভাগ্য। বিশেষ করে আল-দাওসারি বড় ম্যাচে নিজের সামর্থ্যরে প্রমাণ বহুবার দিয়েছেন।

আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন মেরুর দুই দল। একদিকে ইউরোপের আধুনিক, গতিময় এবং তারকাবহুল স্পেন, অন্যদিকে শৃঙ্খলা, পরিশ্রম ও দলগত শক্তিকে পুঁজি করে এগিয়ে চলা সৌদি আরব। কাগজে-কলমে স্পেন স্পষ্ট ফেভারিট হলেও, বিশ্বকাপের মঞ্চে অতীত বহুবার দেখিয়েছে, এখানে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। তাই এই ম্যাচে ফুটবলপ্রেমীরা আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় থাকবেন, যেখানে তিন পয়েন্টের পাশাপাশি নকআউট পর্বের টিকেটের লড়াইও থাকবে সমানভাবে গুরুত্বপূর্ণ।

পরিসংখ্যান বলছে, ম্যাচে বল দখলে স্পেনের আধিপত্য থাকার সম্ভাবনা ৬৫ থেকে ৭০ শতাংশ। গোলের সুযোগ তৈরিতেও এগিয়ে থাকবে ইউরোপিয়ানরা। তবে সৌদি আরব পাল্টা আক্রমণ এবং সেট-পিসে বিপজ্জনক হয়ে উঠতে পারে। শক্তিমত্তা, অভিজ্ঞতা এবং তারকাসমৃদ্ধ স্কোয়াডের বিচারে স্পেন এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে চমকের কোনো শেষ নেই। তাই জায়ান্ট কিলার সৌদি আরবকে হারাতে নিজেদের সেরাটাই খেলতে হবে ইউরো চ্যাম্পিয়নদের।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ফুটবল  ফিফা  কেপভার্দ  সৌদি আরব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: