হলিউডে পায়ের তলার জমি শক্ত করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ধীরে ধীরে গ্লোবাল আইকন হয়ে উঠছেন তিনি। শিগগিরই হলিউডের এক নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন অভিনেত্রী। সেই কাজে তাকে দেখা যাবে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা নিজেই। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তবে এটি সিনেমা, বিজ্ঞাপন নাকি অন্য কোনো প্রকল্প সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি প্রিয়াঙ্কা। অনেকেই মনে করছেন হলিউডের নতুন সিনেমায় জোলির সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, জোলির পাশাপাশি পেনেলোপ ক্রুজ ও সালমা হায়েক তার কাছে অনুপ্রেরণার উৎস। বিষয়টি জানানোর পর উচ্ছ্বাস প্রকাশ করছে প্রিয়াঙ্কা ভক্তরা।
প্রিয়াঙ্কা তার হলিউডে আরও একাধিক প্রজেক্ট নিয়েও কথা বলেন। তিনি জানান, হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটিকো-প্রোডাকশন প্রজেক্টে কাজ করছেন। পাশাপাশি মীরা নায়ারের বায়োপিক ‘আমরি’ এবং নিকোলাস স্টোলারের ‘জ্যাজমেন্ট ডে’ সিনেমাতেও তাকে দেখা যাবে, যেখানে উইল ফেরেল, জ্যাক এফ্রন ও রেজিনা হলও অভিনয় করছেন।
এদিকে সাত বছরের বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। বড় বাজেটের প্যান-ইন্ডিয়ান অ্যাকশন-অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ভারানসির মাধ্যমে তিনি আবারও ভারতীয় সিনেমায় কাজ শুরু করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা এস. এস রাজামৌলি। তবে হলিউডে তার ব্যস্ততা কমছে না উল্টো নতুন এক বড় আপডেট দিয়েছেন এই অভিনেত্রী, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে আরও এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
প্রায় ১,২০০ কোটি রুপি বাজেটের এই চলচ্চিত্রটি ভারতের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। সিনেমাটির শুটিং হয়েছে জর্জিয়া, অ্যান্টার্কটিকা, আফ্রিকা এবং হায়দরাবাদসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় লোকেশনে। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে ৭ এপ্রিল, ২০২৭ সালে।
উল্লেখ্য, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড মুকুট জয়ের পর বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। তখন তিনি অষ্টাদশী। এরপরই একাধিক ব্লকবাস্টার সিনেমা ও জাতীয় পুরস্কার জয়ের মাধ্যমে বলিউডের ‘জংলি বিল্লি’ হয়ে ওঠা। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা এরপর পা রাখেন হলিউডে। শুরু হয় নতুন ইনিংস।
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-তে কাজ করেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক প্রজেক্টে কাজ করার পাশাপাশি তিনি ‘অ্যানোমেলি হেয়ার ব্র্যান্ডের’ প্রতিষ্ঠাতা। ইউনিসেফ গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডরও। এবার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তিনি কেমন কাজ করেন, সেদিকে তাকিয়ে সবাই। অনেকেই মনে করছেন, সিনেমাটি সফল হলে হলিউডে প্রিয়াঙ্কার অবস্থান আরও মজবুত হয়ে উঠবে।
সময়ের আলো/এসএকে