মেজর লিগ সকারে আরও এক বিশ্বতারকার আগমনের অপেক্ষা শেষ হতে চলেছে। ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভেড়ানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে ইন্টার মায়ামি। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসির ক্লাবে যোগ দেবেন এই তারকা ফুটবলার।
ইউরোপীয় ফুটবলে দীর্ঘ সময় সাফল্যের সঙ্গে খেলার পর নতুন চ্যালেঞ্জের খোঁজে থাকা ক্যাসেমিরোকে নিয়ে বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছিল। যুক্তরাষ্ট্রের দুটি ক্লাব ছাড়াও সৌদি আরবের বিভিন্ন দল তার সঙ্গে যোগাযোগ করে। তবে শেষ পর্যন্ত মায়ামির প্রকল্প এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনাই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে বলে জানা গেছে।
ইন্টার মায়ামির জন্য এই সম্ভাব্য চুক্তির গুরুত্ব অনেক বেশি। কারণ গত মৌসুম শেষে স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেতস অবসরে যাওয়ার পর থেকে মাঝমাঠে অভিজ্ঞ নেতৃত্বের অভাব অনুভব করছিল দলটি। নতুন কয়েকজন খেলোয়াড়কে দলে নেওয়া হলেও কাঙ্ক্ষিত ভারসাম্য খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন
ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, রক্ষণাত্মক মিডফিল্ডে ক্যাসেমিরোর অভিজ্ঞতা, বল দখলে দক্ষতা এবং ম্যাচ নিয়ন্ত্রণের সামর্থ্য দলকে নতুন মাত্রা দেবে। বিশেষ করে বড় ম্যাচে তার উপস্থিতি মায়ামির প্রতিযোগিতামূলক শক্তি আরও বাড়াবে।
ট্রান্সফার বাজারের নির্ভরযোগ্য সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বকাপ শেষে চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে শুরুতেই তিনি ক্লাবের বিশেষ ‘ডিজাইনেটেড প্লেয়ার’ কোটায় অন্তর্ভুক্ত হচ্ছেন না। বর্তমানে সেই তিনটি স্থান পূর্ণ থাকায় ভবিষ্যতে নতুন আর্থিক কাঠামোর মাধ্যমে তার চুক্তিতে পরিবর্তন আনা হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে বিশ্বমানের খেলোয়াড়দের আগমন অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের বেশ কয়েকজন পরিচিত তারকার নাম এমএলএসের বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িয়েছে। ফলে আগামী মৌসুমে লিগটির প্রতিযোগিতা এবং বৈশ্বিক আকর্ষণ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
এএডি/