দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১৩ জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
‘টাইমস অব ইসরাইল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২০ জুন) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস নির বেন আরি (২১)। তিনি ইসরাইলি কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের সদস্য ছিলেন।
আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননের আলি তাহের রিজ এলাকায় অবস্থিত হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনা দখলের অভিযান চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনীর দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে থাকা একটি বড় ভূগর্ভস্থ নেটওয়ার্ক লক্ষ্য করেই অভিযান পরিচালনা করা হচ্ছিল।
আরও পড়ুন
অন্যদিকে আইডিএফ আরও জানায়, দক্ষিণ লেবাননে তাদের ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চলের’ বাইরে গোলাবর্ষণ বন্ধ থাকলেও ভেতরের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার রাতেই নাবাতিয়েহ অঞ্চলের কফার তেবনিত গ্রামে একটি ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে এক সেনা নিহত এবং আরও ১৩ জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। হামলার পর আইডিএফ নাবাতিয়েহ অঞ্চলে পাল্টা বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
এর আগে শুক্রবার ভোরে একই এলাকায় পৃথক হামলায় আরও চার ইসরাইলি সেনা নিহত হয়েছিলেন। সে সময় একটি ট্যাংকে ড্রোন বা অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানানো হয়।
এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরান হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন সতর্কতা জারি করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননে ইসরাইলি সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ জলপথে কড়া নজরদারি ও সতর্কতা জারি করা হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী জাহাজগুলোকে হরমুজ প্রণালির কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছে এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।
এএডি/