তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, আর এই পরিস্থিতির মধ্যেই দেশজুড়ে উদযাপিত ঐতিহ্যবাহী সংগীত উৎসবে মদপান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
রোববার (২১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের বহু প্রতীক্ষিত ‘ফেত দ্য লা মুসিক’ উৎসব ঘিরে যখন লাখো মানুষ রাস্তায় নেমে আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখনই চরম তাপমাত্রার কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মদ নিষিদ্ধ করা হয়।
বর্তমানে ফ্রান্সের অন্তত ৩৫টি অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে। এই উচ্চ ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় সরকারি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে উৎসবস্থলগুলোতে মদ পরিবেশন ও পান সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর কার্যালয় থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় বা বেসরকারি যেসব আয়োজন হচ্ছে, সব ক্ষেত্রেই মদ সরবরাহ না করার নির্দেশনা কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে প্যারিস ও বারগান্ডি অঞ্চল পর্যন্ত তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। কিছু এলাকায় তা ৪১ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে সোমবার তাপমাত্রা আরও বাড়তে পারে এবং তা নতুন রেকর্ড গড়তে পারে।
সরকার জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো জরুরি স্বাস্থ্যসেবার ওপর চাপ কমানো এবং চিকিৎসা ব্যবস্থাকে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের দিকে মনোযোগ দিতে সহায়তা করা।
টানা কয়েকদিনের এই তীব্র গরমে ফ্রান্সের জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইতোমধ্যে কয়েক ডজন ট্রেন বাতিল করা হয়েছে এবং বহু শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া সংস্থা মেটিও-ফ্রান্স জানিয়েছে, এই তাপপ্রবাহ কতদিন স্থায়ী হবে তা এখনো নিশ্চিত নয়। তবে দেশের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ এই চরম আবহাওয়ার প্রভাবে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে রাজধানী প্যারিসে পার্ক ও বাগানগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে।
এএডি/