ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আজ বিকেলে সুইজারল্যান্ডে বৈঠকে বসবে। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেবে কাতার ও পাকিস্তান।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রোববার (২১ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা একদিনের বৈঠকে অংশ নিতে যাচ্ছি। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে।
তিনি আরও জানান, বিকেলে কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের উপস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
আইআরএনএ আরও জানিয়েছে, সুইজারল্যান্ডে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেন।
/ইউএমএইচ