ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবাননে যেকোনো হুমকি মোকাবিলায় ইসরায়েলি সেনারা কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই পদক্ষেপ নিতে পারবে।
রোববার (২১ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইসরায়েলি বাহিনী দেশটির ভাষায় 'নিরাপত্তা অঞ্চল' হিসেবে পরিচিত এলাকাগুলোতে তাদের অবস্থান বজায় রাখবে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। শনিবার ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে।
ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে ছোড়া প্রজেক্টাইলের জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এক ইসরায়েলি কর্মকর্তা হামলার লক্ষ্যবস্তুগুলোকে 'হিজবুল্লাহর স্থাপনা' হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, হিজবুল্লাহর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চললে তারাও তা অনুসরণ করবে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর কোনো গুলি চালায়নি।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, একই সময়ের পর থেকে ইসরায়েলও লেবাননে কোনো বড় ধরনের হামলা চালায়নি। মার্চের শুরুতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে দীর্ঘ সময়, যখন বড় ধরনের কোনো হামলার খবর পাওয়া যায়নি।
রয়টার্স ইসরায়েলি সেনাবাহিনীর কাছে সর্বশেষ হামলার সময় জানতে চাইলে তারা 'নির্দিষ্ট সময়' উল্লেখ করতে অস্বীকৃতি জানায়। শনিবার সন্ধ্যার পর থেকে গুলি বন্ধ রয়েছে— এ দাবির বিষয়েও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তারা।
এদিকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে লেবানন।
বর্তমানে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কিছু এলাকায় অবস্থান করছে। হিজবুল্লাহ বলছে, লেবাননের ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার তাদের রয়েছে, তবে তারা উত্তর ইসরায়েলে হামলা বন্ধ রাখবে।
কাটজ জানান, ইসরায়েলি সেনারা তথাকথিত 'নিরাপত্তা অঞ্চল'-এর সব অবস্থানে থাকবে। এই অঞ্চলটি দক্ষিণ লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
ইসরায়েলের দাবি, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই অঞ্চল বজায় রাখা হয়েছে।
রোববার প্রকাশিত বিবৃতিতে কাটজ বলেন, লেবানন অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অর্জিত সব সাফল্য সংরক্ষণ করা হবে।
সময়ের আলো/ইউএমএইচ