কক্সবাজার সমুদ্র সৈকতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। ছবি : সময়ের আলো
কক্সবাজার সমুদ্র সৈকতে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে যোগ, ধ্যান ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি। ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ প্রতিপাদ্যে দিনব্যাপী এই আয়োজন করে সাংস্কৃতিক ও মানবিক সংগঠন পরম্পরা।
পর্যটন মোটেল শৈবালের সংরক্ষিত সৈকতে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক সচেতন নাগরিক। প্রকৃতির সান্নিধ্যে শরীর ও মনের প্রশান্তি খুঁজতে তারা অংশ নেন প্রাণায়াম, ধ্যান, সাউন্ড মেডিটেশন এবং সূর্যাস্তকালীন মন্ত্রচর্চায়।
ধ্যানে মগ্ন অংশগ্রহণকারীরা। ছবি : সময়ের আলো
অংশগ্রহণকারীরা বলেন, জিমে শরীরচর্চা মূলত পেশি গঠনে সহায়তা করলেও যোগচর্চা শরীর ও মনের মধ্যে সমন্বয় সৃষ্টি করে। শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ, মানসিক ভারসাম্য ও আত্মিক প্রশান্তিই যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক যোগ প্রশিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মাহতাব সুমন। তিনি বলেন, প্রকৃতির বিশালতার মাঝে যোগচর্চা মানুষকে মানসিকভাবে প্রশান্ত করে এবং কক্সবাজারে ওয়েলনেসভিত্তিক পর্যটনের সম্ভাবনাও বাড়তে পারে।
প্রকৃতির সান্নিধ্যে শরীর ও মনের প্রশান্তি খুঁজতে তারা অংশ নেন। ছবি : সময়ের আলো
যোগচর্চার পাশাপাশি আয়োজনে ছিল সৈকত পরিষ্কার অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি। আয়োজকদের মতে, নিয়মিত যোগচর্চা সুস্থ বার্ধক্য নিশ্চিত করার পাশাপাশি সচেতন জীবনযাপন ও পরিবেশ সংরক্ষণের বার্তাও ছড়িয়ে দেয়। এবারের আয়োজনের মূলমন্ত্র ছিল ‘শ্বাস, সমুদ্র, চেতনা’।
সমুদ্রের গর্জন আর প্রকৃতির সান্নিধ্যে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচি কক্সবাজারে স্বাস্থ্যসচেতনতা ও ওয়েলনেস সংস্কৃতি বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।