২০২৬ বিশ্বকাপের মাত্র দুটি করে ম্যাচ শেষ হতেই গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে। বর্তমানে ৫ গোল করে এককভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে তার পেছনেই হুমকি হয়ে দাঁড়িয়ে আছেন বিশ্ব ফুটবলের বর্তমান সময়ের সেরা দুই গোলমেশিন— কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড।
টুর্নামেন্টে নিজের প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) সর্বকালের রেকর্ডটিও এককভাবে নিজের করে নিয়েছেন। ৩৪ বছর বয়সেও এই ফরোয়ার্ড প্রমাণ করছেন, কেন তিনি এখনো আর্জেন্টিনার মূল ভরসা।
তবে খুব কাছেই রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের গোলসংখ্যা বাড়িয়ে ৪-এ নিয়েছেন। বিশ্বকাপে মাত্র ১৬ ম্যাচে ১৬ গোল করে তিনি ইতোমধ্যে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। ফ্রান্স যত দূর এগোবে, এমবাপ্পের গোলসংখ্যাও তত বাড়ার সম্ভাবনা রয়েছে।
গোল্ডেন বুটের আরেক শক্তিশালী দাবিদার নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। সেনেগালের বিপক্ষে জোড়া গোলসহ দুই ম্যাচে তার গোলসংখ্যাও ৪। বিশ্বকাপে প্রথমবার খেলেই দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তারকা। জাতীয় দলের হয়ে ৫২ ম্যাচে ৫৯ গোল করা হালান্ড এখন প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তিনটি করে গোল করেছেন জার্মানির দেনিজ উনদাভ ও কানাডার জোনাথন ডেভিড।
এ ছাড়া ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ২ গোল করে এই দৌড়ে আছেন। প্রথম ম্যাচে জোড়া গোল করা কেইন পরবর্তী ম্যাচগুলোতে গোল করলে শীর্ষ লড়াইয়ে যোগ দিতে পারেন।
বর্তমান অবস্থান :
মেসি (আর্জেন্টিনা) – ৫ গোল, এমবাপ্পে (ফ্রান্স) – ৪ গোল, হালান্ড (নরওয়ে) – ৪ গোল, কেইন (ইংল্যান্ড) – ২ গোল।
সময়ের আলো/কেএইচও