ঘানার সঙ্গে ড্র, ইংল্যান্ডের অবাঞ্ছিত রেকর্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্বে রেকর্ড ১৩৭ গোল হওয়ার পরই দেখা মিলল গোলখরার। উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের তৃতীয় গোলের মধ্য দিয়ে

2026-06-24T05:08:01+00:00
2026-06-24T05:08:01+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
ঘানার সঙ্গে ড্র, ইংল্যান্ডের অবাঞ্ছিত রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৮ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্বে রেকর্ড ১৩৭ গোল হওয়ার পরই দেখা মিলল গোলখরার। উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের তৃতীয় গোলের মধ্য দিয়ে টুর্নামেন্টে এই রেকর্ড গড়া হয়েছিল। তবে তার পরের ম্যাচেই বোস্টনে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড ও ঘানা। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে।

বোস্টন স্টেডিয়ামে ইংল্যান্ডের জন্য এটি ছিল হতাশার এক সন্ধ্যা, যার শেষ হয়েছে মাত্র এক পয়েন্ট নিয়ে। অন্যদিকে অনবদ্য রক্ষণভাগের প্রদর্শনীতে নিজেদের কাজটা দারুণভাবে সেরে নিয়েছে ঘানা। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম টানা দুই ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখল ব্ল্যাক স্টাররা।

ম্যাচের শেষদিকে খেলার গতি বাড়িয়েছিল ইংল্যান্ড। তাদের মনে হতেই পারে, আরও পাঁচ-ছয় মিনিট সময় পেলে হয়তো জয়সূচক গোলের দেখা মিলত। এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে বুকায়ো সাকার জোরালো শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে। এরপর ও'রেইলির হেড ক্রসবারের নিচে লেগে ফিরে আসে, ফিরতি বলে হ্যারি কেইনের শট উড়ে যায় বারের ওপর দিয়ে। আর মার্ক গেহির একটি হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন ঘানার ডিফেন্ডাররা।

ইংল্যান্ড কোচ টমাস টুখেল এবং থ্রি লায়ন্স সমর্থকদের জন্য এটি ছিল কঠিন এক ম্যাচ। তবে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানো ইংল্যান্ড এখনও ‘গ্রুপ এল’-এর শীর্ষে রয়েছে। শেষ ম্যাচে পানামাকে হারাতে পারলে শীর্ষস্থান ধরে রেখেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে তারা। অন্যদিকে পানামাকে ১-০ গোলে হারানো ঘানাও সমান চার পয়েন্ট নিয়ে শেষ ৩২-এর লড়াইয়ে ভালোভাবেই টিকে রয়েছে।

ঘানার সংগঠিত রক্ষণভাগের সামনে প্রথমার্ধে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে। বিরতির আগে কোনো দলই লক্ষ্যে একটি শটও নিতে পারেনি, যা চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো ঘটল। প্রথমার্ধে ৮০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও ইংল্যান্ডের নেওয়া ছয়টি শটের একটিও লক্ষ্যে ছিল না। পুরো ম্যাচে তারা মোট ১৯টি শট নেয়, যার মাত্র চারটি ছিল লক্ষ্যে এবং সবগুলোই দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের মতো প্রথমার্ধেও বেশ রক্ষণাত্মক ফুটবল খেলেছে ঘানা। চারজনের দুটি ডিফেন্সিভ লাইনের মাঝখানে থমাস পার্টিকে রেখে তারা রক্ষণ সামলেছে দারুণভাবে। যদিও ডেকলান রাইসের দূরপাল্লার একটি জোরালো শট পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়।

মাদুয়েকের ক্রস থেকে পাওয়া সুযোগে হেডে বল লক্ষ্যে রাখতে পারেননি রাইস। পরে হ্যারি কেইনের একটি শট ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে যায়। তবুও ঘানার গোলরক্ষককে তেমন কোনো কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি ইংল্যান্ড। বরং সুসংগঠিত এই রক্ষণভাগ ভেদ করে বিপজ্জনক এলাকায় প্রবেশ করতেও হিমশিম খেয়েছে তারা।

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের হতাশা কিছুটা ক্ষোভে রূপ নেয়। নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা জুড বেলিংহাম বল ক্লিয়ার করতে গিয়ে ঘানার ডিফেন্ডার ওপোকুকে ধাক্কা দিলে দুজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সতীর্থরা এসে পরিস্থিতি শান্ত করেন।

ম্যাচ শেষে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সঙ্গী হয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে এটি তাদের ২৩তম ড্র, যার মধ্যে ১৩টিই গোলশূন্য। প্রতিযোগিতার ইতিহাসে যে কোনো দলের জন্য দুটি সংখ্যাই সর্বোচ্চ।

এ ম্যাচে ইংল্যান্ডের বল দখলের হার ছিল ৭৮ দশমিক ৮ শতাংশ, যা বিশ্বকাপের ইতিহাসে তাদের সর্বোচ্চ। শুধু তাই নয়, ফুটবলে এ ধরনের পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর গোল করতে ব্যর্থ কোনো দলের জন্য এটিই সর্বোচ্চ বল দখলের নজির।

এ ছাড়া বিশ্বকাপের কোনো ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে মার্ক গেহির করা ১২৬টি সফল পাস এখন পর্যন্ত সর্বোচ্চ। পুরো ম্যাচে তাকে সাতবার ফাউল করা হয়েছে; বিশ্বকাপ ইতিহাসে আর কোনো ডিফেন্ডার এক ম্যাচে এত বেশি ফ্রি-কিক আদায় করতে পারেননি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ঘানা  ড্র  ইংল্যান্ড  অবাঞ্ছিত  রেকর্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: