ফুটবল বিশ্বকাপে এখনো খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। তবে বিশ্বকাপ ঘিরে এ দেশের মানুষের উন্মাদনা, আবেগ আর উদ্যাপন বারবার নজর কেড়েছে আন্তর্জাতিক অঙ্গনের। এবার সেই ফুটবলপ্রেমকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে বাংলাদেশের প্রশংসা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের ভাষায়, ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।’
পোস্টটির সঙ্গে সংযুক্ত কয়েকটি ছবিতে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের ব্যতিক্রমী উন্মাদনা ও ফুটবলের প্রতি গভীর ভালোবাসার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় উৎসবের আমেজ। বাড়ির ছাদ থেকে শুরু করে গ্রামের মাঠ, শহরের অলিগলি-সবখানেই উড়তে থাকে প্রিয় দলের পতাকা। দেয়ালচিত্র, আলোকসজ্জা, বড় পর্দায় খেলা দেখার আয়োজন এবং সমর্থকদের নানা কর্মকাণ্ড বিশ্বকাপকে ঘিরে তৈরি করে আলাদা আবহ।
বাংলাদেশে দীর্ঘদিন ধরেই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পর্তুগাল, জার্মানি, স্পেন ও ফ্রান্সের সমর্থক সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বকাপের সময় এসব দেশের জার্সি, পতাকা ও নানা আয়োজন দেশের ফুটবলপ্রেমীদের উৎসবকে আরও বর্ণিল করে তোলে।
সময়ের আলো/কেএইচও