ইবাদতে আত্মমগ্ন হওয়ার সুফল

মাজিদুর রহমান

ইসলাম

মানুষকে আল্লাহ তায়ালা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদতের মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চিরস্থায়ী জান্নাত লাভ করবে। আল্লাহর

2026-06-24T13:46:00+00:00
2026-06-24T13:46:00+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
ইসলাম
ইবাদতে আত্মমগ্ন হওয়ার সুফল
মাজিদুর রহমান
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:৪৬ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
মানুষকে আল্লাহ তায়ালা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদতের মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চিরস্থায়ী জান্নাত লাভ করবে। আল্লাহর সন্তুষ্টি ব্যতিরেকে শুধু ইবাদতের দ্বারাই কি এই সাফল্য অর্জন হবে? না; ইবাদতের মধ্যে থাকতে হবে ‘ইখলাস’ বা একনিষ্ঠতা। মুমিনের জীবনে ইখলাসের নির্দেশ দিয়ে আল্লাহ পাক বলেন, ‘হে রাসুল! আপনি বলুন, আমি একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি’ (সুরা জুমার : ১১)। 

ইখলাস শব্দটি আরবি ভাষা থেকে আগত। এর আভিধানিক অর্থ একনিষ্ঠতা, স্বচ্ছতা, খাঁটি ইত্যাদি। ইখলাসের পরিচয় দিতে আল্লামা জুরজানি (রহ.) বলেন, মানবাত্মার পরিচ্ছন্নতায় বিঘ্ন ঘটায় এ ধরনের যাবতীয় ময়লা-আবর্জনা থেকে অন্তর খালি করাই ইখলাস বা একনিষ্ঠতা। আর এটার মূলকথা হচ্ছে, প্রতিটি বস্তুর ক্ষেত্রে এ কথা চিন্তা করা, তার সঙ্গে কোনো না কোনো বস্তুর সংমিশ্রণ থাকতে পারে, তবে যখন কোনো বস্তু অন্য কিছুর সংমিশ্রণ থেকে মুক্ত হয়, তখন তাকে খাঁটি বস্তু বলা হয়। আর এ খাঁটি করার কাজটি সম্পাদন করার নাম হচ্ছে ইখলাস। (মাদারেজুস সালেকিন)

মুমিন তার জীবনকে আল্লাহর আনুগত্যে সাজাতে ইখলাসকে খুব শক্তভাবে হৃদয়ের গভীরে ধারণ করতে হয়। কেননা সে ইখলাস ব্যতীত যত ইবাদত-বন্দেগি করবে তার কোনো কাজেই আসবে না। ফুটো কলসে পানি ঢালার মতো বোকামি হবে। আল্লাহর রাস্তায় যত কঠিন পরিশ্রম ও কোটি কোটি টাকা দান করুক না ইখলাস ছাড়া সবই বৃথা। 

রাসুলে কারিম (সা.) বলেন, যে আমল বা ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইখলাসের সঙ্গে করা হয় না; আল্লাহ তায়ালা সে আমল কবুল করবেন না (নাসায়ি)। আবার ইখলাসকে অবহেলা করলেও হবে বড় ক্ষতির সম্মুখীন। রাসুলুল্লাহ (সা.) বলেন, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা যখন সব মানুষকে একত্র করবেন, তখন একজন ঘোষণাকারী এ মর্মে ঘোষণা করবে, ‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশে নিবেদিত কাজে অন্য কাউকে তাঁর সঙ্গে শরিক করেছে; সে যেন আল্লাহকে বাদ দিয়ে সেই শরিকের কাছ থেকে প্রতিদান বুঝে নেয়। কেননা আল্লাহ তায়ালা সব ধরনের অংশীদার ও অংশীদারত্ব থেকে মুক্ত।’ (ইবনে মাজা)

একজন মুমিন যখন নিজেকে মুখলিস হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, সে তখন ইখলাসের অনেক উপকারিতা ও গুরুত্বপূর্ণ বরকত লাভ করবে যা তার পরকালীন জীবনের পাথেয় হবে। সে যা লাভ করবে- 

১. তার আমল কবুল হবে। আবু উমামা বাহেলি (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা শুধু ওই আমল কবুল করবেন, যে আমল কেবল আল্লাহর জন্য করা হবে এবং আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হবে (নাসায়ি)। 
২. সাওয়াব স্থির হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখনই তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো খরচ করবে, তার ওপর তোমাকে সওয়াব দেওয়া হবে (বুখারি)। 
৩. ছোট আমল বড় আমলে পরিণত হবে। আল্লামা ইবনুল মোবারক (রহ.) বলেন, অনেক ছোট আমল আছে। এ আমলের নিয়ত তাকে বড় করে দেয়, আবার অনেক বড় আমল আছে, নিয়ত তাকে ছোট করে দেয় (জামেউল উলুম ওয়াল হিকাম)। 
৪. গোনাহ মাফ হবে। ইখলাস গোনাহ মাপের বড় একটা কারণ। ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ.) বলেন, একপ্রকার আমল এমন আছে, যখন কোনো মানুষ আমলটি পরিপূর্ণ ইখলাস ও আল্লাহর আনুগত্যের সঙ্গে করে, আল্লাহ তায়ালা এ আমলের দ্বারা তার কবিরা গুনাহগুলো ক্ষমা করে দেন।

মুমিন ব্যক্তি যখন ইখলাসসহ আমল করতে থাকে, তখন ইহকালীন অনেক অসাধারণ গুণ অর্জন করে থাকে; যা তাকে সুন্দর, স্বতন্ত্র, রহমতপূর্ণ জীবন লাভে সহায়তা করে। যেমন- 
১. মুখলিস নিজের প্রসিদ্ধি লাভ, সুনাম ও প্রশংসা পাওয়া কিংবা নিজের গুণাগুণ বর্ণনা করাকে পছন্দ করেন না। 
২. দ্বীনের জন্য আমল করতে পছন্দ করেন। 
৩. নেক আমলের প্রতিযোগিতা করেন। 
৪. আমলের বিনিময় শুধু আল্লাহর কাছেই চান। 
৫. আমল-ইবাদতসহ সব কাজে ধৈর্যধারণ করেন। 
৬. কোনো অভিযোগ-অজুহাত পছন্দ করেন না। 
৭. নিজের আমলকে গোপন রাখতে ভালোবাসেন, গোপনে আমল করেন।

ইসলামি শরিয়তের সব দিক ও শাখায় আল্লাহর হুকুম পালনে এবং তার নৈকট্য অর্জনে একনিষ্ঠতার কোনো বিকল্প নেই। নবী-রাসুলগণের দাওয়াতের মূলমন্ত্রও ছিল এই ইখলাস। ইখলাস হলো সচেতনময় অন্তরের আমল, ইবাদতের প্রাণ, মুমিন জীবনের বরকতময় প্রসাধনী। প্রত্যেকের উচিত হবে জীবনের ছোট-বড় সব বন্দেগিকে ইখলাসময় করে তোলা।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   ইবাদত  আত্মমগ্ন  সুফল 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: