মা-ছেলের ভালোবাসাকে ভুল বুঝল ইন্টারনেট!

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার লড়াই ছাপিয়ে নেট দুনিয়ার সব আলো কেড়ে নিয়েছে গ্যালারির একটি খণ্ডচিত্র। ডালাস স্টেডিয়ামের লাক্সারি

2026-06-24T20:14:40+00:00
2026-06-24T20:14:40+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
মা-ছেলের ভালোবাসাকে ভুল বুঝল ইন্টারনেট!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:১৪ পিএম 
গ্যালারিতে শাকিরা ও তার ছেলে মিলান। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার লড়াই ছাপিয়ে নেট দুনিয়ার সব আলো কেড়ে নিয়েছে গ্যালারির একটি খণ্ডচিত্র। ডালাস স্টেডিয়ামের লাক্সারি বক্সে বসে খেলা উপভোগ করছিলেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। ঠিক তখনই এক কিশোরের তাকে চুম্বন করার দৃশ্য ক্যামেরাবন্দি হতেই মুহূর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে ইন্টারনেটে ব্যাপক জলঘোলা হলেও দ্রুতই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কল্যাণে উন্মোচিত হয়েছে আসল সত্য। জানা গেছে, পপ সম্রাজ্ঞীকে চুমু খাওয়া সেই কিশোর আর কেউ নন, স্বয়ং তার ১৩ বছর বয়সী বড় ছেলে মিলান।

প্রতিবেদন থেকে জানা যায়, ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা কলম্বিয়ান এই গায়িকার ওপর যখন লাইভ ব্রডকাস্টের ক্যামেরা তাক করা হয়, ঠিক তখনই দেখা যায় তার বাঁ পাশে বসা এক ব্যক্তি ঝুঁকে এসে শাকিরার গালে স্নেহপূর্ণ চুম্বন করছেন। তবে ক্যামেরার বিশেষ অ্যাঙ্গেল এবং ওই ব্যক্তির মুখমণ্ডল আংশিক অস্পষ্ট থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

মুহূর্তের মধ্যেই এই ঘটনার ভিডিও ক্লিপ এক্স (সাবেক টুইটার) সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। চুম্বনকারী ব্যক্তির পরিচয় নিশ্চিত না হওয়ায় শাকিরার ভক্তরা নানামুখী উদ্বেগ প্রকাশ করতে থাকেন। এক্স-এর একটি ফ্যান পেজ থেকে ভিডিওটি শেয়ার করে প্রশ্ন তোলা হয়, ‘শাকিরা কি ঠিক আছেন?’ আবার অন্য এক অনুরাগী ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, ‘শাকিরাকে জোরপূর্বক চুম্বনের চেষ্টা করা এই লোকটি আসলে কে?’

তবে নেটিজেনদের এই যৌথ উদ্বেগ স্থায়ী হয়েছে খুবই অল্প সময়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’ অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করে যে, সেই রহস্যময় ব্যক্তিটি আসলে শাকিরার বড় সন্তান মিলান। মাথায় সাদা বেসবল ক্যাপ এবং কালো পোলো শার্ট পরা থাকায় কিশোর মিলান লাইভ সম্প্রচারের সময় ক্যামেরা থেকে কিছুটা আড়ালে পড়েছিল, যার কারণেই এই অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি তৈরি হয়।


আসল সত্য সামনে আসতেই মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পুরো চিত্র বদলে যায়। ভক্তরা মা-ছেলের এই সুন্দর মুহূর্তটিকে প্রশংসায় ভাসাতে শুরু করেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘কী চমৎকার একটি পারিবারিক মুহূর্ত!’ অপর একজন লিখেছেন, ‘শাকিরা তার দুই কলিজার টুকরোকে নিয়ে ভালোবাসায় মজে আছেন।’

উল্লেখ্য, গ্যালারিতে শাকিরা একা ছিলেন না, বড় ছেলে মিলানের পাশাপাশি তার ছোট ছেলে শাশাও মায়ের সঙ্গে ম্যাচটি উপভোগ করছিল। ৪৯ বছর বয়সী এই গায়িকার দুই সন্তানই সাবেক স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের। দীর্ঘ ১১ বছর এক ছাদের নিচে থাকার পর ২০২২ সালে এই তারকা জুটি বিচ্ছেদের ঘোষণা দেন। পরবর্তীতে সন্তানদের আইনি অভিভাবকত্ব পান শাকিরা এবং বর্তমানে তিনি তাদের নিয়ে মায়ামিতে বসবাস করছেন।

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার মেলবন্ধন অবশ্য বেশ পুরোনো। ২০১০ সালের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা’-এর মিউজিক ভিডিওর শুটিংয়ের সময়ই পিকের সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল। বছরের পর বছর ধরে ফুটবলের অন্যতম সেরা এই সংগীত দূত এবারও টেক্সাসের গ্যালারিতে আসার আগে মেক্সিকো সিটিতে আলো ছড়িয়েছেন। সেখানে ২০২৬ বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের অফিশিয়াল অ্যান্থেম ‘দাই দাই’ পরিবেশন করে বিশ্বমঞ্চের সূচনা করেছিলেন এই পপ তারকা।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   গ্যালারি  শাকিরা  মিলান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: