লক্ষ্মীপুরের রামগতিতে হাফেজ শাহিন আলম (১৮) নামে মসজিদের মোয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ১২টায় উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী বাজার এলাকার গোস্তাগো বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহিন আলম ওই এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শাহিন আলমের শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে জানালার ফাঁক দিয়ে তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি রামগতি থানা পুলিশকে অবহিত করেন।
এলাকাবাসীর দাবি, বেশ কিছুদিন ধরে তীব্র পারিবারিক কলহ ও মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন তরুণ হাফেজ শাহিন আলম। ধারণা করা হচ্ছে, সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
খবর পেয়ে রামগতি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘মরদেহের পরিবার এই বিষয়ে কোনো মামলাও করবেন না বলে জানিয়েছেন।’
সময়ের আলো/মহু