মাতৃত্ব কোনো নারীর পেশাগত স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়- এই বার্তাই যেন আরও জোরালোভাবে সামনে আনল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্প্রতি মহিলা ক্রিকেটারদের জন্য নতুন মাতৃত্ব-সহায়তা নীতি ঘোষণা করেছে সংস্থাটি। আর সেই উদ্যোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
আইসিসির নতুন নির্দেশিকার লক্ষ্য হলো- সন্তান জন্মের পর নারী ক্রিকেটারদের ধাপে ধাপে ও নিরাপদভাবে আবার প্রতিযোগিতামূলক খেলায় ফেরানো। গাইডলাইনে শারীরিক পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য সহায়তা, মেডিকেল পর্যবেক্ষণ এবং প্রতিটি ক্রিকেট বোর্ডের জন্য পৃথক দিকনির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। এতে একজন খেলোয়াড় তার শারীরিক পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে ধীরে ধীরে অনুশীলন ও ম্যাচ ফিটনেসে ফিরতে পারবেন।
এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দীপিকা পাড়ুকোন বলেন, ‘এটা নারীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাতৃত্বের পর পেশাগত জীবনে ফেরা যেন আরও নিরাপদ ও সহায়ক হয়- এই ধরনের কাঠামো সত্যিই প্রয়োজন।’
তিনি আরও বলেন, এ ধরনের নির্দেশনা কেবল ক্রিকেট নয়, সামগ্রিকভাবে নারীদের কর্মজীবনে ভারসাম্য ও সহায়তার দৃষ্টান্ত তৈরি করবে।
আইসিসির এই গাইডলাইনকে নারী ক্রীড়াবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যেখানে মাতৃত্বের পর নিরাপদভাবে প্রতিযোগিতামূলক খেলায় ফেরার সুযোগকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
সময়ের আলো/আআ