ব্রাজিলের ম্যাচ বন্ধ হলে মরক্কোর খেলাও কি পিছিয়ে যাবে?

ক্রীড়া ডেস্ক

খেলা

চলতি বিশ্বকাপে শুরু হয়েছে গ্রুপপর্বের ভাগ্য নির্ধারণী শেষ রাউন্ডের লড়াই। নকআউট পর্বে যাওয়ার টিকিট কার হাতে উঠবে, তা নির্ধারণে এই

2026-06-25T03:22:13+00:00
2026-06-25T03:22:47+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
খেলা
ব্রাজিলের ম্যাচ বন্ধ হলে মরক্কোর খেলাও কি পিছিয়ে যাবে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:২২ এএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৩:২২ এএম
ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত
চলতি বিশ্বকাপে শুরু হয়েছে গ্রুপপর্বের ভাগ্য নির্ধারণী শেষ রাউন্ডের লড়াই। নকআউট পর্বে যাওয়ার টিকিট কার হাতে উঠবে, তা নির্ধারণে এই রাউন্ডের প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য সমান গুরুত্বপূর্ণ। মাঠের লড়াইয়ে কোনো দল যেন অন্য ম্যাচের ফলাফল দেখে কৌশলগত বাড়তি সুবিধা নিতে না পারে, সেজন্য একই গ্রুপের ম্যাচগুলো একই সময়ে মাঠে গড়ানোর নিয়ম রয়েছে।

তবে বিপত্তি বেঁধেছে আবহাওয়া নিয়ে। মায়ামিতে আজ ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচের সময় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল পূর্বাভাস রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ব্রাজিলের ম্যাচটি যদি স্থগিত বা বিলম্বিত হয়, তবে কি একই সময়ে আটলান্টায় শুরু হতে যাওয়া মরক্কো বনাম হাইতি ম্যাচটিও পিছিয়ে যাবে?

ফিফার সুস্পষ্ট উত্তর—'না'।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নিয়ম অনুযায়ী, গ্রুপপর্বের শেষ ম্যাচগুলো একই সময়ে শুরুর বাধ্যবাধকতা থাকলেও কোনো একটি ম্যাচ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে অন্য ম্যাচ পেছানোর কোনো নিয়ম নেই। প্রতিটি ম্যাচের নিজস্ব নিয়ন্ত্রণ ও স্বতন্ত্র পরিচালনা ব্যবস্থা রয়েছে। ফলে ব্রাজিলের ম্যাচ বাধাগ্রস্ত হলেও মরক্কো-হাইতি ম্যাচ তার আপন সূচিতেই চলবে।

যুক্তরাষ্ট্রের বজ্রপাত প্রটোকল কী বলছে?

চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে কঠোর আবহাওয়া প্রটোকল অনুসরণ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বজ্রপাত শনাক্ত হলে খেলা সঙ্গে সঙ্গে ৩০ মিনিটের জন্য স্থগিত করা হয়। এই ৩০ মিনিটের মধ্যে যদি পুনরায় বজ্রপাত হয়, তবে সময় গণনা আবার নতুন করে (আরও ৩০ মিনিট) শুরু হয়। গত সোমবার ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচে চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো এই প্রটোকলের প্রয়োগ দেখা গিয়েছিল।

অতীতেও ঘটেছে এমন ট্র্যাজেডি

আবহাওয়ার কারণে এক ম্যাচ বন্ধ থাকা এবং অন্য ম্যাচ সচল থাকার ফলে দলগুলোর বিদায় নেওয়ার নজির আগেও দেখা গেছে। গত বছরের ক্লাব বিশ্বকাপে ন্যাশভিলে অকল্যান্ড সিটি ও বোকা জুনিয়র্সের ম্যাচটি আবহাওয়াজনিত কারণে স্থগিত ছিল। কিন্তু একই সময়ে বেনফিকা ও বায়ার্ন মিউনিখের ম্যাচটি ঠিকই মাঠে গড়ায় এবং সেই ম্যাচের ফলাফল বোকা জুনিয়র্সের বিদায় নিশ্চিত করে দেয়। ফলে অকল্যান্ড সিটির বিপক্ষে যখন ম্যাচটি পুনরায় শুরু হয়, তখন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের টুর্নামেন্টে টিকে থাকার আর কোনো গাণিতিক সম্ভাবনাই অবশিষ্ট ছিল না।

আজ মায়ামির আবহাওয়া ব্রাজিলের ম্যাচে কোনো নাটকীয়তার জন্ম দেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ব্রাজিল  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: