রাত জেগে খেলা দেখে ক্লান্ত? পরদিন চাঙা থাকবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

ফিচার

চলছে বিশ্বকাপের মৌসুম। ফুটবলপ্রেমীদের রোমাঞ্চ তাই এখন তুঙ্গে। প্রিয় দলের ম্যাচ দেখতে রাতজেগে বসে থাকেন সবাই। কিন্তু, রাতের অপর্যাপ্ত ঘুমের

2026-06-25T16:24:06+00:00
2026-06-25T16:24:06+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ফিচার
রাত জেগে খেলা দেখে ক্লান্ত? পরদিন চাঙা থাকবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:২৪ পিএম 
কিছু সহজ উপায় অবলম্বন করলেই ঘুমের ধকল সাময়িকভাবে সামলে নেওয়া সম্ভব। ছবি : সংগৃহীত
চলছে বিশ্বকাপের মৌসুম। ফুটবলপ্রেমীদের রোমাঞ্চ তাই এখন তুঙ্গে। প্রিয় দলের ম্যাচ দেখতে রাতজেগে বসে থাকেন সবাই। কিন্তু, রাতের অপর্যাপ্ত ঘুমের কারণে পরদিন শরীর ক্লান্ত লাগে, ঘুম পায়, মনোযোগ কমে যায়, মাথা ভার লাগে। এতে দৈনন্দিন কাজ ক্ষতিগ্রস্থ হয়। তবে, কিছু সহজ উপায় অবলম্বন করলেই ঘুমের ধকল সাময়িকভাবে সামলে নেওয়া সম্ভব।

সকালে ঘুম ভাঙতেই পানি ও রোদের স্পর্শ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের পরামর্শ অনুযায়ী, রাত জাগার পর সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস ঠান্ডা পানি পান করা ভালো। কারণ, পর্যাপ্ত ঘুম না হলে শরীরে পানিশূন্যতার প্রবণতা বাড়ে, যা ক্লান্তি আরও তীব্র করে। এর পাশাপাশি ঘরের জানালা খুলে দেওয়া বা কিছু সময় বারান্দা কিংবা খোলা জায়গায় দাঁড়িয়ে সকালের আলো গায়ে লাগানো উপকারী। উজ্জ্বল সূর্যালোক মস্তিষ্কে ঘুমের হরমোন মেলাটোনিনের নিঃসরণ কমিয়ে দেয় এবং কর্টিসল হরমোনের কার্যকারিতা বাড়ায়। ফলে, শরীর দ্রুত সজাগ হয়ে ওঠে।

পরিমিত কফি পান করুন
রাত জাগার পর ক্লান্তি দূর করতে অনেকে বারবার চা বা কফি পান করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের চিকিৎসকদের মতে, একসঙ্গে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ উল্টো ক্ষতির কারণ হতে পারে। এতে বুক ধড়ফড় করা, অস্বস্তি বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। সকালে এক কাপ কড়া কফি বা রং চা পান করা যেতে পারে। তবে দিনের বাকি সময় পর্যাপ্ত পানি কিংবা লেবুর শরবত পান করাই ভালো। বিশেষজ্ঞরা দুপুরের পর ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেন, কারণ তা পরবর্তী রাতের স্বাভাবিক ঘুমে বাধা সৃষ্টি করতে পারে।

মিষ্টি ও ভারী খাবারের প্রলোভন এড়িয়ে চলুন
ঘুম কম হলে শরীর দ্রুত শক্তি পাওয়ার জন্য মিষ্টি, তেল-চর্বিযুক্ত বা ভারী খাবারের প্রতি আকৃষ্ট হয়। মেডিকেল নিউজ টুডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এটি মূলত শরীরের স্বাভাবিক ‘ক্রেভিং’ বা আকাঙ্ক্ষা। বিরিয়ানি, পরোটা, মিষ্টি বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে আবার কমিয়ে দেয়। ফলে, কিছুক্ষণের মধ্যেই আরও বেশি ক্লান্তি ও ঝিমুনি অনুভূত হয়। তাই এদিনের খাবারে হালকা ভাত, ডাল, শাকসবজি, ডিম বা অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা ভালো। এগুলো দীর্ঘ সময় শরীরে শক্তি জোগাতে সাহায্য করে।


দুপুরে ২০ মিনিটের ‘পাওয়ার ন্যাপ’
হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমের ঘাটতি সামাল দিতে দুপুরের দিকে ১৫ থেকে ২০ মিনিটের ছোট্ট ঘুম বা ‘পাওয়ার ন্যাপ’ বেশ কার্যকর। অফিসে থাকলে দুপুরের খাবারের বিরতির পর কিছুক্ষণ নিরিবিলি জায়গায় চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া যেতে পারে। তবে এই ঘুম যেন ৩০ মিনিটের বেশি না হয়। কারণ, আধ ঘণ্টার বেশি ঘুমালে শরীর গভীর ঘুমের পর্যায়ে চলে যেতে পারে। তখন ঘুম থেকে ওঠার পর সতেজ লাগার বদলে আরও বেশি অবসাদ অনুভূত হওয়ার আশঙ্কা থাকে।

ঝিমুনি এলে ঠান্ডা পানির ঝাপটা দিন ও একটু হাঁটুন
কাজের ফাঁকে যখন চোখ ভারী হয়ে আসবে, তখন মুখে ও চোখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া উপকারী হতে পারে। কানাডাভিত্তিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ‘ওয়েলইন ৫’-এর চিকিৎসকদের মতে, ঠান্ডা পানির স্পর্শ মুখের স্নায়ুগুলোকে উদ্দীপিত করে। এর ফলে মস্তিষ্কে সজাগতা বাড়াতে সহায়ক কিছু রাসায়নিক পদার্থের নিঃসরণ বৃদ্ধি পায় এবং ঝিমুনি কমে আসে। এ ছাড়া দীর্ঘ সময় একটানা বসে না থেকে প্রতি ঘণ্টায় অন্তত ৫ মিনিট হাঁটাহাঁটি করার অভ্যাসও ক্লান্তি কমাতে সাহায্য করে। ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, কাজের মাঝে এমন সংক্ষিপ্ত ‘মুভমেন্ট ব্রেক’ শরীরের রক্তসঞ্চালন বাড়ায় এবং কর্মক্ষমতা অক্ষুণ্ন রেখেই অবসাদ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

পরের রাতের ঘুমে কোনো ছাড় নয়
রাত জেগে খেলা দেখার আনন্দ উপভোগ করা যেতেই পারে, তবে শরীরের যত্ন নেওয়াটাও সমান জরুরি। মনে রাখতে হবে, এসব উপায় কেবল এক রাতের ঘুমের ঘাটতি সাময়িকভাবে সামাল দেওয়ার জন্য। তাই পরদিন রাতে আর দেরি না করে দ্রুত বিছানায় যাওয়া এবং অন্তত ৭ থেকে ৮ ঘণ্টার পরিপূর্ণ ঘুম নিশ্চিত করা প্রয়োজন। কারণ, দীর্ঘমেয়াদে সুস্থ ও কর্মক্ষম থাকতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই।

সময়ের আলো/মহু


  বিষয়:   খেলা  স্পোর্টস  ফুটবল  বিশ্বকাপ  রাত জাগা 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: