টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত 'ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬'-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই সঙ্গে বৈশ্বিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি ৪০১–৬০০ ব্যান্ডে স্থান করে নিয়েছে।
বুধবার (২৫ জুন) টাইমস হায়ার এডুকেশন তাদের বার্ষিক র্যাংকিং বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- এবারের র্যাংকিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ও এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়।
প্রকাশিত ফলাফলে এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে ৭৪ দশমিক ৮ স্কোর নিয়ে গাকৃবি বিশ্বে ৮২তম অবস্থান অর্জন করেছে। এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮ দশমিক ৩ স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬৬তম। এছাড়া এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ৬৮ দশমিক ৫ থেকে ৭৪ দশমিক ৫ স্কোর নিয়ে ১০১–২০০ ব্যান্ডে জায়গা করে নিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত বছর যেখানে গাকৃবির বৈশ্বিক অবস্থান ছিল ৮০১–১০০০ ব্যান্ডে, সেখানে মাত্র এক বছরের ব্যবধানে ৪০১–৬০০ ব্যান্ডে উন্নীত হওয়া প্রতিষ্ঠানটির একাডেমিক উৎকর্ষ, গবেষণা সক্ষমতা এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।
বিশ্ববিদ্যালয়টি টিএইচই র্যাংকিংেয়র বিভিন্ন ক্যাটাগরিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান লাভ করেছে বলে জানানো হয়েছে। এছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস ফর ইনোভেশন (WURI) ২০২৬-এর 'ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রিভেন ট্রান্সফার টেকনোলজি' ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাংকিংস ২০২৬-এও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি।
এ অর্জনের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, এই সাফল্য শুধু একটি র্যাংকিংয়ের অর্জন নয়। এটি আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
সময়ের আলো/আআ