মালয়েশিয়া ও চীনে এক অত্যন্ত সফল রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার (২৬ জুন) রাতে সরাসরি বেইজিং থেকে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহনকারী বিশেষ ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর হওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও, দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে কোনো ধরনের শোডাউন, বড় জমায়েত বা মোটর শোভাযাত্রা না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এই নির্দেশনা দিয়েছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই বার্তাটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর মাধ্যমে ইতিমধ্যেই সারাদেশের নেতাকর্মীদের জানিয়ে দিয়েছেন।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে সাধারণ নেতাকর্মীদের ভিড় বা কোনো প্রকার শোডাউন করা হবে না। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে কেবল দলের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র মন্ত্রী ও সরকারের শীর্ষ কর্মকর্তারাই নির্ধারিত প্রটোকল অনুযায়ী উপস্থিত থাকবেন। সর্বস্তরের নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। দুই দেশের এই দ্বিপাক্ষিক সফরে গতিশীলতা আনতে মালয়েশিয়ার সাথে ৩টি চুক্তি ও ১টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মালয়েশিয়া সফর শেষ করে তিনি সরাসরি চীনে পৌঁছান। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে তার অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ২টি চুক্তি এবং ১৩টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত ও বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন করেছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের আজ বিকেল ৫টায় (স্থানীয় সময়) বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/কহু