পাবনা সদর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরের দিকে জেলা সদরের শেষ ইউনিয়ন চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। সে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, সদরের খাসচর বলরামপুর এলাকার মো. জহুরুল ইসলাম প্রামানিক (২৮) ও চর মধুপুর এলাকার মো. জমির খা (৫৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরতারাপুরের চর এলাকা জোতকাকুড়িয়া কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার সকালেও এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সকালে দুই গ্রুপের লোকজন নদীতে বালু আছে কিনা নিশ্চিত হতে গিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া গোলাগুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখে নামে এই যুবক গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঘটনার বিষয়ে জেলা পুলিশ জানান, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে ঘটনার পরে এলাকাবাসী দুইজন সন্ত্রাসীকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। পরে থানা ও ডিবি পুলিশ তাদের দুইজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/জো