বাকেরগঞ্জে মিড-ডে মিলের ডিম-রুটি প্রধান শিক্ষকের ব্যাগে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বাকেরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যক্তিগত ব্যাগ থেকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মিড-ডে মিল কর্মসূচির ডিম ও রুটি

2026-06-27T20:09:07+00:00
2026-06-27T20:09:07+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
বাকেরগঞ্জে মিড-ডে মিলের ডিম-রুটি প্রধান শিক্ষকের ব্যাগে
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:০৯ পিএম 
মিড-ডে মিলের-রুটি। ছবি : সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যক্তিগত ব্যাগ থেকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মিড-ডে মিল কর্মসূচির ডিম ও রুটি উদ্ধারের ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

শনিবার (২৭ জুন) সকালে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাদের নজরে আসার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষক রেশমা আক্তার বাড়ি ফিরছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে আটকে শিক্ষিকার ব্যাগ তল্লাশি করেন। তল্লাশিকালে ব্যাগ থেকে শিক্ষার্থীদের জন্য সরকারি বরাদ্দের দুই ডজন (২৪টি) ডিম ও ২২টি রুটি উদ্ধার করা হয়।


পরদিন শুক্রবার (২৬ জুন) ব্যাগ থেকে ডিম-রুটি উদ্ধারের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সরকারি পুষ্টিকর খাদ্যসামগ্রী নিয়মিত আত্মসাতের অভিযোগ রয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়দের অনুরোধে প্রথমে নিজের ব্যাগ দেখাতে অনীহা প্রকাশ করেন প্রধান শিক্ষক রেশমা আক্তার। পরে তোপের মুখে পড়ে ব্যাগ খুলে দিলে সেখান থেকে সরকারি বরাদ্দের ডিম ও রুটি বেরিয়ে আসে।

বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালও স্পষ্ট জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক রেশমা আক্তার দাবি করেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি (এসএমসি) নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধের জের ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

তবে এ বিষয়ে আরও প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাকেরগঞ্জ  মিড-ডে মিল  ডিম-রুটি  প্রধান শিক্ষক  ব্যাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: