জাবির রাজস্ব তহবিলে বাজেট ঘাটতি প্রায় ১০০ কোটি টাকা

জাবি প্রতিনিধি

শিক্ষা

প্রতিষ্ঠার পাঁচ দশক অতিক্রম করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রাজস্ব তহবিলে বাজেট ঘাটতি বাড়তেই রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দের তুলনায়

2026-06-27T20:27:08+00:00
2026-06-27T20:27:08+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
শিক্ষা
জাবির রাজস্ব তহবিলে বাজেট ঘাটতি প্রায় ১০০ কোটি টাকা
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:২৭ পিএম 
ছবি : সময়ের আলো
প্রতিষ্ঠার পাঁচ দশক অতিক্রম করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রাজস্ব তহবিলে বাজেট ঘাটতি বাড়তেই রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দের তুলনায় প্রতি বছর ব্যয় বেশি হওয়ায় ২০২৪-২৫ অর্থবছর শেষে এ ঘাটতি দাঁড়িয়েছে ৯৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকায়।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট ভবনে অনুষ্ঠিত ৪৩তম সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্রমপুঞ্জিত বাজেট ঘাটতি ছিল ৬১ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছর শেষে তা বেড়ে দাঁড়ায় ৮০ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকায়। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরে আরও ১৮ কোটি ৭০ লাখ টাকা ঘাটতি যুক্ত হওয়ায় মোট ঘাটতি বেড়ে ৯৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকায় পৌঁছেছে। চলতি অর্থবছরের হিসাব যুক্ত হলে এই ঘাটতি ১০০ কোটি টাকা অতিক্রম করবে।

সিনেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করা হয় বলে জানান অধ্যাপক আব্দুর রব। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও দপ্তরের চাহিদা বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ৪২৬ কোটি ১৭ লাখ ৯১ হাজার টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট ৪৪১ কোটি ১ লাখ ৬১ হাজার টাকা নির্ধারণ করে ইউজিসিতে পাঠানো হয়েছে।


তবে ইউজিসির বাজেট পরীক্ষা দল ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ৩৪৮ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটে ৩৪৮ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের চাহিদা ও প্রাপ্ত বরাদ্দের মধ্যে বড় ধরনের ব্যবধান থেকেই যাচ্ছে। প্রশাসনের মতে, এ ব্যবধানের কারণেই প্রতিবছর রাজস্ব তহবিলের ঘাটতি বাড়ছে।

কোষাধ্যক্ষ আরও বলেন, শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন খাতে প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ পাওয়ায় কল্যাণমুখী বাজেট বাস্তবায়ন ক্রমেই কঠিন হয়ে উঠছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীসেবা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে বাড়তি চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি সরকারি বিধিমালার আওতায় না থাকলেও দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়কে জাবি স্কুল অ্যান্ড কলেজের পরিচালন ব্যয়, গবেষণা ভাতা, নৈশ ভাতা, গার্ড বোনাস, স্বাস্থ্য বা গোষ্ঠী বীমা খাতে ভর্তুকি এবং ডাইনিং হলের অস্থায়ী কর্মচারীদের বেতন বহন করতে হচ্ছে। এসব ব্যয়ও রাজস্ব তহবিলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

তবে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে এসব খাতে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: