সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিএনপি সরকারের ঘোষিত বাজেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রতিফলন দেখছেন না। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন “আই হ্যাভ আ প্ল্যান”। এবারের বাজেটে সেই পরিকল্পনার প্রতিফলন আমি দেখতে পাইনি।’
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক নাগরিক সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘যে-ই সরকারে থাকুক, যিনিই অর্থমন্ত্রী হোন, বাজেটে কতগুলো সুস্পষ্ট প্রবণতা দেখা যায়। একটা হলো, বাজেট প্রতিবছর হু হু করে বেড়ে যাচ্ছে; আমাদের সংগতি আছে কি নেই, সেটা বিবেচনা না করেই এটা হচ্ছে। এবারও তা-ই ঘটেছে।’
তিনি বলেন, ‘প্রতিবারের মতো এবারও বাজেটে অর্থায়নের উৎস হিসেবে অবাস্তব ও অবান্তর করের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এনবিআরের যে ইতিহাস, তাতে এ ক্ষেত্রে আশাবাদী হওয়া অসম্ভব। ফলে বাজেটের ঘাটতি আরও বাড়বে এবং অত্যন্ত দৃষ্টান্ত সৃষ্টিকারী ঘাটতি সৃষ্টি হবে। এ ছাড়া অতীতের মতো এবারও ছকবাঁধা বাজেট হয়েছে। বিপুল ঋণসহ বিভিন্ন দায়ের কারণে ছকে আটকা পড়তে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এবারের বাজেটেও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্য বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে। বিশেষ করে, সরকারের আপনজন বা অলিগার্কদের খুশি করার জন্য বরাদ্দ রাখা চলছেই।’
তবে রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘প্ল্যানের’ (পরিকল্পনা) প্রতিফলন দেখার আশা প্রকাশ করেন তিনি।
সময়ের আলো/কেএইচও