মোংলা বন্দরে ভারত থেকে চুক্তির আওতাধীন তৃতীয় প্যাকেজের চালের শেষ চালান এসে পৌঁছেছে। শুক্রবার (২৬ জুন) রাতে ৫ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে নোঙর করে ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ 'এমভি পু থান-৩৬'। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবাহান জানান, এটি ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা তৃতীয় প্যাকেজের চালের শেষ চালান। এই প্যাকেজের আওতায় মোট ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছিল।
তিনি আরও বলেন, শনিবার সকালে ভৌত পরীক্ষার জন্য এই চালের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ল্যাব টেস্ট ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আগামী রোববার (২৮ জুন) বিকেল থেকে মোংলা বন্দরে আনুষ্ঠানিকভাবে জাহাজ থেকে চাল খালাস কার্যক্রম শুরু হবে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের চাল আমদানির যে চুক্তি হয়েছিল, তার অংশ হিসেবে চালের চালানগুলো পর্যায়ক্রমে মোংলা বন্দরে আসে। এ পর্যন্ত ১০টি জাহাজে করে চুক্তির সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছেছে। বন্দর থেকে এসব চাল খালাস করে নদীপথে দেশের বিভিন্ন সরকারি খাদ্যগুদামে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী চলতি বছরের ১৫ জানুয়ারি ভারতের সঙ্গে এই চাল আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তানুযায়ী আমদানিকৃত চালের ৪০ শতাংশ মোংলা বন্দরে এবং বাকি ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস করার সিদ্ধান্ত হয়। এর আগে গত ২০ জানুয়ারি এই চুক্তির প্রথম চালানি জাহাজটি মোংলা বন্দরে এসে পৌঁছেছিল।
সময়ের আলো/জোই