মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ছাব্বির আহমেদ নামের আরও এক কিশোর আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, নিহতদের স্বজনরা হাসপাতালে পৌঁছেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/জোই