মাত্র ২০ টাকার ঝালমুড়ির দাম দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জে মোহাম্মদ আমিন (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে এক বিক্রেতা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আমিন তার বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সোহেলের (৩১) দোকানে যান। ঝালমুড়ি খাওয়ার পর আমিন বিক্রেতাকে জানান যে, ২০ টাকা তিনি পরে পরিশোধ করবেন। কিন্তু সোহেল তাৎক্ষণিক টাকা দাবি করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরিস্থিতি শান্ত করতে আমিনের বন্ধু মোবারক নিজের পকেট থেকে ঝালমুড়ির ২০ টাকা পরিশোধ করে দেন। তবে টাকা পরিশোধের পরও আমিন ও সোহেলের মধ্যকার উত্তেজনা কমেনি। বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহেল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আমিনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আমিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, হঠাৎ চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক।
আহতের বড় ভাই আল আমিন এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাত্র ২০ টাকার জন্য আমার ভাইয়ের ওপর এমন হামলা করা হলো। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। আমরা হামলাকারীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনাটি তারা জেনেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই