রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ছাদে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর চণ্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আখতারুজ্জামান (১৮) রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবার আসাদুজ্জামান পবা উপজেলার স্থায়ী বাসিন্দা। চণ্ডিপুর এলাকায় একটি বাসায় তারা ভাড়া থাকতো।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দুই ভবনের মাঝখানের ফাঁকা অংশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/আতা