দুইদিন পর আবারও মেহেরপুর মুজিবনগরের সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাঁধায় শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
সোমবার (২৯ জুন) ভোরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার পাথরঘাটা গ্রামের দিক থেকে তাদের পুশইন করার চেষ্টা করা হয়।
জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে বিএসএফ পুশইন করছে এমন খবরে সেখানে পৌঁছায় বিজিবি। সেখানে ৪ জনকে পাট ক্ষেতের মধ্যে দেখতে পায় তারা। বিজিবি বাধা দিলে তারা ভারতের কাটাতারের দিকে ফিরে যায়।
তবে স্থানীয়দের ধারণা ১০ জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এ ঘটনায় সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে, সকাল সাড়ে ৮ টার দিকে ভারতের গান্ধিনা ফুলবাড়ি ক্যাম্পের গেট খুলে বিএসএফ সদস্যরা সীমান্তের ১৪৬ নং পিলারের ৭ নম্বর সাব পিলারের কাছে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।
দুপুরে বিজিবি-বিএসএফের সাথে পতাকা বৈঠক হলেও তা অমীমাংসিতভাবে শেষ হয়। তবে কাটাতারের এপারে বিএসএফের টহল বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী গ্রামের মানুষের মাঝে।
অপরদিকে সীমান্তে সড়ক নির্মাণকে কেন্দ্র করে মেহেরপুর গাংনী উপজেলার সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অস্থিরতা বেড়েছে।
সময়ের আলো/আতা