ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ সদর উপজেলার একটি সার্বজনীন পূজা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার

2026-06-29T23:43:07+00:00
2026-06-29T23:43:07+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৪৩ পিএম 
ছবি : সময়ের আলো
ময়মনসিংহ সদর উপজেলার একটি সার্বজনীন পূজা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামের দত্তবাড়ী সার্বজনীন পূজা মন্দিরকে ঘিরে প্রায় ৩০ থেকে ৩৫টি হিন্দু পরিবারের বসবাস। দীর্ঘ প্রায় ৩৭ বছর ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এ মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন। সোমবার ভোর আনুমানিক পৌনে ৬টার দিকে লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক মন্দিরের সামনে এসে প্রথমে একটি বাঁশ এবং পরে ইট দিয়ে মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তিনি মন্দিরে থাকা কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা দোষী ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কল্পনা রানী সিংহ বলেন, আজ ভোরে পূজার জন্য আমাদের বাড়ির ছাদবাগান থেকে ফুল তুলছিলাম। এ সময় হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটি শব্দ শুনতে পাই। সন্দেহ হলে তাকিয়ে দেখি, এক যুবক মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। বিষয়টি বুঝতে পেরে আমি দ্রুত বাইরে বেরিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে শুরু করি। আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসতে থাকলে ওই যুবক তড়িঘড়ি করে মন্দিরের ভেতরে থাকা প্রতিমা ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আমরা মন্দিরে গিয়ে দেখি প্রতিমা ও মন্দিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

সুজন চন্দ্র দত্ত মন্দির কমিটির সাধারণ সম্পাদক  বলেন, প্রায় ৩৭ বছর ধরে এই মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা হয়ে আসছে। কিন্তু এর আগে কখনো এমন দুঃখজনক ঘটনার মুখোমুখি হতে হয়নি। আমাদের এলাকায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। এলাকার মুসলিম ভাইয়েরা সবসময় আমাদের সহযোগিতা করেছেন এবং পাশে থেকেছেন। তাই কারা, কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে, তা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আমরা চাই, পুলিশ দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।


মন্দিরের পাশের বাড়ি বিমল চন্দ্র বলেন,আমরা মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে একসঙ্গে বসবাস করে আসছি। আমাদের মধ্যে সবসময়ই ভাই-ভাই সম্পর্ক বিদ্যমান ছিল। হঠাৎ করে কেন এমন একটি ঘটনা ঘটল, তা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। এ ঘটনার সঙ্গে জড়িত যুবককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হলে প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের উদ্দেশ্য স্পষ্ট হবে।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দত্ত বলেন, আজ ভোর আনুমানিক পৌনে ৬টার দিকে ঘটনাটি ঘটে। ওই সময় পূজার জন্য নিজ বাড়ির ছাদবাগান থেকে ফুল তুলতে গিয়ে কল্পনা রানী সিংহ মন্দিরের তালা ভাঙার দৃশ্য দেখতে পান। তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে শুরু করলে ওই যুবক দ্রুত মন্দিরের ভেতরে থাকা প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। আমরা চিৎকার শুনে ঘুম থেকে উঠে ঘটনাস্থলে গেলেও ততক্ষণে তাকে আর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ওই যুবককে আমরা কেউ চিনতে পারিনি। তাকে স্থানীয় বাসিন্দা বলেও মনে হয়নি। মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। আমরা আশা করছি, ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ময়মনসিংহ  মন্দির  তালা  প্রতিমা  ভাঙচুর  পূজা মন্দির 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: