বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাৎকারের সময় নির্ধারণে নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
বুধবার (১ জুলাই) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় বরাদ্দ করবে।
আইভ্যাক জানিয়েছে, বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণক্ষমতার ভিত্তিতে ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে সিস্টেম।
সংস্থাটি আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থেকে আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে, যাতে আবেদন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
এর আগে গত রোববার প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (টুরিস্ট) ভিসা চালু করে ভারত। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত আইভ্যাকগুলোতে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে।
এর আগে সীমিত পরিসরে শুধু মেডিকেল ভিসা দেওয়া হলেও ট্যুরিস্ট ভিসাসহ স্বাভাবিক ভিসা কার্যক্রম বন্ধ ছিল। এতে ভ্রমণ ছাড়াও তৃতীয় কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে গিয়ে অনেক বাংলাদেশিকে জটিলতায় পড়তে হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। দীর্ঘ বিরতির পর সেবা পুনরায় চালু হওয়ায় ভ্রমণপ্রত্যাশীদের অপেক্ষার অবসান হয়েছে।
সময়ের আলো/কেএইচও