দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। একটি

2026-07-01T09:46:27+00:00
2026-07-01T09:46:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৪৬ এএম 
সংগৃহীত ছবি
ভারতের রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। একটি দ্রুতগামী স্লিপার কোচ নৈশবাস ও ট্রেলারের (বড় ট্রাক) মধ্যে সংঘর্ষের পর উভয় যানেই আগুন ধরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের কোলওয়া থানা এলাকার তানাওয়াড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিলেন। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাসের ওপরের বাঙ্কার বা স্লিপার বার্থে থাকা যাত্রীরা ছিটকে নিচে পড়ে যান এবং গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং পেছনের অংশে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। নিহতদের মধ্যে ৫ জন আগুনে পুড়ে এবং ২ জন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান। আহতদের উদ্ধার করে দ্রুত দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে এলেও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা দেরি করেছে। ততক্ষণে আগুন বাসের সর্বত্র ছড়িয়ে পড়ে। সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছালে নিহতের সংখ্যা কমানো যেত বলে দাবি করেছেন তারা।

স্থানীয়রা আরও একটি চাঞ্চল্যকর দাবি করে জানান, বাসের নিচের লাগেজ বা স্টোরেজ কম্পার্টমেন্টে বিপুল পরিমাণ সিগারেটের কার্টন ও প্যাকেট ঠাসা ছিল। প্লাস্টিক ও তামাকজাতীয় এই দাহ্য পদার্থ থাকার কারণেই বাসের আগুন চোখের পলকে এতটা ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

দেশটির দৌসা জেলার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক ধারণা, দ্রুতগতির বাসটির চালক গভীর রাতে চোখ লেগে যাওয়ার (ঘুমিয়ে পড়ার) কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রেলারটিকে ধাক্কা মারেন। সিগারেটের কার্টন থাকার বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।


সময়ের আলো/কহু

  বিষয়:   দিল্লি  মুম্বাই  এক্সপ্রেসওয়ে  দুর্ঘটনা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: