ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যোগদান করেছেন মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার আগে এ পদে ছিলেন আ. ছালাম খান।
বুধবার (১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মে বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, মুহিব্বুল্লাহিল বাকী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর পেশ ইমাম হিসেবে যোগদান করেন। তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামী ব্যাংক অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বাংলাদেশের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান। এ ছাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডের এক্সপার্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
পাশাপাশি, বিভিন্ন কওমি মাদরাসায় শায়খুল হাদিস হিসেবে খেদমতে আঞ্জাম দিয়ে আসছেন। দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় মিলিত হন নবনিযুক্ত এই মহাপরিচালক। এ পদে নিয়োগ দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সময়ের আলো/মহু