নতুন মানচিত্র, নতুন পরিচয়। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ভেঙে 'দক্ষিণ গফরগাঁও' উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন পাওয়ার খবরে আনন্দের বন্যা বইছে পাগলা থানার ৮ ইউনিয়ন জুড়ে।
বুধবার (০১ জুলাই) বিকালে নতুন উপজেলার খবর ছড়িয়ে পড়লে বিএনপি,ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ বিকালে আনন্দ মিছিল বের করে।
বুধবার সকাল থেকেই কান্দিপাড়া বাজার ও আশপাশের এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে। নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে আনন্দ মিছিলে। হাতে হাতে ছিল ব্যানার, মুখে ছিল উল্লাস। মিছিলের পাশাপাশি আবির ও রং খেলায় মেতে ওঠেন অনেকে। ছবিতে দেখা যাচ্ছে উৎসবমুখর জনতা আবির মাখা পোশাকে মিছিল করছেন।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পাগলা, মশাখালী, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব এই ৮ ইউনিয়নের মানুষ 'আলাদা উপজেলা'র দাবি করে আসছিলেন। নাম নিয়ে 'পাগলা' ও 'আদর্শনগর' প্রস্তাবনার বিতর্কের কারণে বাস্তবায়ন আটকে ছিল।
অবশেষে দক্ষিণ গফরগাঁও নামে সমঝোতা হওয়ায় সর্বস্তরের মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার-এর ১২১তম সভায় গফরগাঁও উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মধ্যে থেকে উপরোক্ত ৮টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
স্থানীয়রা বলছেন, গফরগাঁও সদর থেকে ২০-২৫ কিলোমিটার দূরে গিয়ে ভূমি, থানা ও আদালতের কাজ করাতে হতো। রাস্তার ভোগান্তি আর সময়ের অপচয় ছিল নিত্যসঙ্গী। নতুন উপজেলা হলে প্রশাসনিক সেবা, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এখন হাতের নাগালেই আসবে।
নিকারের অনুমোদনের পর এখন শুধু সরকারি গেজেট প্রকাশের অপেক্ষা করছেন 'দক্ষিণ গফরগাঁও'বাসী।
সময়ের আলো/আতা