একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আদালতে সাক্ষ্য না দেয়ায় মামলার অন্যতম সাক্ষী ডা. সানজিদা ইসলামকে সাজা প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। বুধবার (১ জুলাই) দুপুরে তিনি এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে মেডিকেল সার্টিফিকেট দাখিল করেন ডা.সানজিদা ইসলাম। পরবর্তীতে এই মামলার সাক্ষ্য প্রদানের জন্য ডা.সানজিদা ইসলামকে বার বার তলব করা হলেও তিনি আদালতে উপস্থিত হন নাই।
আদালতে সাক্ষ্য না দেয়ায় গত ২৯ জুন ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ প্রদানের পাশাপাশি আদালতে উপস্থিত হয়ে গতকাল বুধবার মামলার সাক্ষ্য দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু ওই দিনও ডা.সানজিদা ইসলাম আদালতে উপস্থিত না হওয়ায় তাকে দুইশত পঞ্চাশ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।
সময়ের আলো/আতা