অবিশ্বাস্য এক রাত হালান্ডের

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েই থেমে থাকতে চায়নি নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়ে নতুন ইতিহাস

2026-07-02T02:07:55+00:00
2026-07-02T02:07:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলা
অবিশ্বাস্য এক রাত হালান্ডের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:০৭ এএম 
আর্লিং হালান্ড। ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েই থেমে থাকতে চায়নি নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছে স্ক্যান্ডিনেভিয়ানরা। আর সেই ঐতিহাসিক রাতের নায়ক আবারও আর্লিং ব্রাউট হালান্ড। আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচের ৮৬তম মিনিটে তার জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জিতে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। এমন অর্জনের পর আবেগ লুকাতে পারেননি হালান্ড। তার ভাষায়, এই অনুভূতি ‘অবিশ্বাস্য’।

ম্যাচ শেষে ফিফাকে দেওয়া প্রতিক্রিয়ায় নরওয়ের তারকা স্ট্রাইকার বলেন, ‘এটা ইতিহাস, অনুভূতিটা সত্যিই অবিশ্বাস্য। ২৮ বছর পর আমরা বিশ্বকাপে জায়গা করে নিয়েছি, গ্রুপ পর্ব পেরিয়েছি, আর এখন নকআউটেও জিতে নিউইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছি।’

হালান্ড আরও বলেন, ‘এটা অবিশ্বাস্য। এখন থেকে প্রতিটি ম্যাচই আমাদের জন্য বাড়তি পাওয়া। আমরা এখন কোনো চাপ ছাড়াই খেলতে পারব এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করব। কারণ আমার মনে হয় না জীবনে আর কখনো এমন অনুভূতি ফিরে পাব।’

পুরো ম্যাচে আইভরিকোস্টের রক্ষণভাগ হালান্ডকে বেশ ভালোভাবেই আটকে রেখেছিল। কিন্তু ইউরোপের ক্লাবগুলো যেমন বহুবার দেখেছে, ঠিক তেমনি বিশ্বকাপেও প্রমাণ হলো, এই স্ট্রাইকারকে মাত্র একবার সুযোগ দিলেই যথেষ্ট। ৮৬তম মিনিটে প্যাট্রিক বার্গের পাস থেকে বল জালে জড়িয়ে ম্যাচের ভাগ্য বদলে দেন ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ড।

হালান্ডের গোল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার সতীর্থ প্যাট্রিক বার্গও, ‘হালান্ডের সবচেয়ে বড় গুণই হলো, সে পুরো ম্যাচ অপেক্ষা করতে পারে। কিন্তু সুযোগ এলেই ঠিক জায়গায়, ঠিক সময়ে উপস্থিত থাকে। সে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন এবং তাকে আমাদের দলে পেয়ে আমরা খুবই ভাগ্যবান।’

এই জয় অবশ্য মোটেও সহজ ছিল না। প্রথমার্ধে আন্তোনিও নুসার দুর্দান্ত গোলে এগিয়ে যায় নরওয়ে। কিন্তু ৭৪তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ দিয়ালোর অসাধারণ একক নৈপুণ্যে সমতায় ফেরে আইভরিকোস্ট। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল, তখনই হালান্ডের গোল নরওয়েকে এনে দেয় ঐতিহাসিক জয়।  

সেই মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে বার্গ বলেন, ‘সত্যি বলতে, তখন সব অনুভূতি একসঙ্গে কাজ করছিল। হালান্ডকে আবারও আমাদের জন্য গোল করতে দেখে দারুণ লেগেছে। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত আমরাই জয়ের যোগ্য ছিলাম।’

তবে প্রতিপক্ষেরও প্রশংসা করতেও ভোলেননি বার্গ, ‘আইভরিকোস্ট দুর্দান্ত একটি দল। ম্যাচজুড়ে তারা আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। তাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে, তাই পারফরম্যান্সের জন্য তারা কৃতিত্ব পাওয়ার যোগ্য। তবে আমরা অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করছি। এখন পর্যন্ত যাত্রাটা অসাধারণ ছিল, আর আমরা এখানেই থামতে চাই না।’

নরওয়ের কোচ স্টালে সোলবাকেনও মনে করেন, ম্যাচের শেষ মুহূর্তগুলো সামলানোর দক্ষতাই তার দলের জয়ের মূল কারণ। ফিফাকে তিনি বলেন, ‘আমার মনে হয় এটি খুবই সমান লড়াই ছিল। দুই দলই ভালো খেলেছে এবং ম্যাচটি যেকোনো দিকেই যেতে পারত।’

ব্রাজিল ম্যাচটি উপভোগ করতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বকাপের নকআউট পর্বে এটাই নরওয়ের প্রথম জয়। তাই এই অর্জনকে আমরা বিশেষভাবে উপভোগ করতে চাই। এখন কিছুটা বিশ্রাম নিয়ে ব্রাজিল ম্যাচের প্রস্তুতি শুরু করব।’

ইতিহাস গড়ে এবার আরও বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে নরওয়ে। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দুর্দান্ত ছন্দে থাকা হালান্ড ও আত্মবিশ্বাসী নরওয়ে বিশ্বাস করছে, তাদের রূপকথার যাত্রা এখনও শেষ হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   অবিশ্বাস্য  হালান্ড  নরওয়ে  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: