বিশ্বকাপের শেষ ৩২ পর্ব থেকে বিদায় নিয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডস। মরক্কোর কাছে নাটকীয়ভাবে টাইব্রেকারে হেরে এবারের মতো বিশ্বমঞ্চকে বিদায় জানায় ডাচরা। এ বিদায় কোনোমতেই মেনে নিতে পারছেন না দলটির কোচ রোনাল্ড কোম্যান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে পদত্যাগের কথা জানান ৬৩ বছর বয়সি কোম্যান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিশ্চিত করে।
বিদায়ি বার্তায় কোম্যান উল্লেখ করেছেন- আমি সিদ্ধান্ত নিয়েছি, নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আর দায়িত্ব পালন করব না। আমরা সবাই মিলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। এই ব্যর্থতায় আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। প্রধান কোচ হিসেবে শেষ পর্যন্ত দায়ভার আমারই।
পদত্যাগের ঘোষণার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরেছেন কোম্যান। তিনি জানান, অসুস্থ স্ত্রীকে আরও বেশি সময় দেওয়ার প্রয়োজন অনুভব করছেন এবং সেটিই তার সিদ্ধান্তের অন্যতম কারণ। কোম্যান আরও বলেন, গত কয়েক বছরে বুঝেছি, ফুটবলের বাইরেও জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।
ফুটবল আমার জীবনের বড় অংশ কিন্তু একজন প্রিয় মানুষ অসুস্থ থাকলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যায়। আমার স্ত্রী নিজের শারীরিক অবস্থার মধ্যেও আমাকে সবসময় সমর্থন দিয়েছে, যেন আমি কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারি। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ।
সময়ের আলো/আআ