রাজধানীর আদাবর থানার নবোদয় বাজার এলাকায় ফুটবল বিশ্বকাপ উন্মাদনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে হামলার ঘটনায় বিএনপির এক ইউনিট নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম আবুল বাসার বাদশা (৩০)। তিনি নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গুরুতর আহত হয়েছেন একই ইউনিটের সভাপতি মো. সাদ্দাম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফিফা বিশ্বকাপের একটি ম্যাচ শেষে নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে উল্লাস করছিলেন। এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমানের সঙ্গে ব্যবসায়ী মজনুর ছেলে রিপনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিপনকে চড়-থাপ্পড় মারাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
পরবর্তীতে বিরোধ মীমাংসার জন্য বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজারের রঞ্জুর দোকানে একটি সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুমসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ইউনিট সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক বাদশা গুরুতর আহত হন। তাদের হাত, পা ও ঘাড়ে কোপানো হয় বলে জানা যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবুল বাসার বাদশাকে মৃত ঘোষণা করেন।
আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/এসএকে