আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। মেয়ে সুবাইতা মুসফিরাকে পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন মা ফরিদা ইয়াসমিন। হাতে তসবিহ নিয়ে মেয়ের সফলতার জন্য দোয়া-দরুদ পড়তে দেখা যায় তাকে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের সামনে এমন দৃশ্য চোখে পড়ে।
ফরিদা ইয়াসমিন এক গণমাধ্যমকে বলেন, ‘একেবারে ছোটবেলা থেকেই মেয়েকে আমি নিজেই পড়িয়েছি। অষ্টম শ্রেণি পর্যন্ত বাসায় কোনো প্রাইভেট শিক্ষক রাখিনি। এসএসসি পরীক্ষাতেও সে ভালো ফল করেছে। আশা করছি, এবারও অনেক ভালো ফল করবে।’
এর আগে, সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে। এ সময় কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের সমমানের পরীক্ষাও। সব মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএম) শাখার বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট। এরপর ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কোর্সের তাত্ত্বিক পরীক্ষা জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।
সময়ের আলো/মহু