ত্রিশালে ‘নজরুল সিটি’ করার ঘোষণা, অনুষ্ঠানে আমলাতন্ত্রের আধিক্যে অসন্তোষ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ময়মনসিংহের স্মৃতিবিজড়িত ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার

2026-07-02T12:15:34+00:00
2026-07-02T12:17:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ত্রিশালে ‘নজরুল সিটি’ করার ঘোষণা, অনুষ্ঠানে আমলাতন্ত্রের আধিক্যে অসন্তোষ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ১২:১৭ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের স্মৃতিবিজড়িত ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ জুলাই) স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচনের মাধ্যমে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই তথ্য জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে নজরুল বর্ষের সভা শেষে প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুল এই ভূখণ্ডে জন্ম না নিলেও তার পুরো হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। আমাদের সকল আন্দোলন-সংগ্রামে তাঁর সৃষ্টিই ছিল মূল প্রেরণা। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নজরুল সমানভাবে প্রাসঙ্গিক।

উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে শুধু সরকারি কর্মকর্তাদের প্রাধান্য দেওয়ার কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমন্ত্রিতদের তালিকায় নজরুলপ্রেমীদের চেয়ে আমলাতান্ত্রিক উপস্থিতি বেশি থাকায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমন্ত্রণপত্রে ‘বিভাগীয় কমিশনার ও ইউএনওদের ভার্চুয়ালি যুক্ত থাকার’ নির্দেশের চেয়ে ‘নজরুল গবেষক, শিল্পী ও নজরুলপ্রেমীদের যুক্ত থাকার’ বিষয়টি বেশি যৌক্তিক ও সামঞ্জস্যপূর্ণ হতো।

প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠানে যেমন নজরুল গবেষকদের মানায় না, ঠিক তেমনি কবির জন্মজয়ন্তীর আয়োজনে শুধু সরকারি কর্মকর্তাদের ভার্চুয়ালি জুড়ে দেওয়াটাও উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। নজরুল চর্চাকে শুধু সরকারি দপ্তরের চার দেয়ালে বন্দি না রেখে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তাগিদ দেন তিনি।

তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের প্রজন্মের সামনে যেমন জ্ঞানের দুয়ার খুলেছে, তেমনি মূল্যবোধ হারিয়ে বিপথগামী হওয়ার ঝুঁকিও বেড়েছে। এমন জটিল সময়ে নতুন প্রজন্মকে পথ দেখাতে কাজী নজরুলের "আমি হব সকাল বেলার পাখি কিংবা থাকব নাকো বদ্ধ ঘরে"-র মতো নৈতিক মূল্যবোধসম্পন্ন কবিতা আশার আলোকবর্তিকা হয়ে উঠতে পারে।

নজরুলকে ‘বাংলাদেশের মন’ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, একটি অপশক্তি হীন দলীয় স্বার্থে মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও, মিলেমিশে থাকাই বাঙালির চিরায়ত আবহমান কালকের মূল্যবোধ। বর্তমান সরকার এমন এক সমাজ গড়তে চায় যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে। এমনকি কোনো প্রাণীও যেন মানুষের হিংস্রতার শিকার না হয়, সরকার তাও নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এর আগে গত ২১ জুন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে। ১৯১৪ সালে কিশোর বয়সে কবি প্রথম ত্রিশালে পা রেখেছিলেন।

নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটির অধীনে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে সাহিত্য সম্মেলন, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সংগীতের আসর, নাট্যোৎসব ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে কবির সাহিত্যকর্ম সংরক্ষণ এবং বহুভাষিক অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নজরুলের সাম্য ও মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  ত্রিশাল  নজরুল সিটি  প্রধানমন্ত্রীর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: