বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে ২১ সদস্যের কমিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে আছেন শিবা শানু ও জয় চৌধুরী।
উভয় প্যানেলই বিজয়ের প্রত্যাশা করছে। নানা অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম থাকে নির্বাচনি পরিবেশ। তবে এবার এখন পর্যন্ত কোনো কাদা ছোড়াছুড়ি নজরে পড়েনি। ফলে সংশ্লিষ্টদের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন।
আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দফতর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলঅভিনেতা কামরুজ্জামান কমল।
এ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন- মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।
অন্যদিকে শিবা শানু-জয় চৌধুরী পরিষদের সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন ডি এ তায়েব ও রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে লড়ছেন জাদু আজাদ।
এ প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য প্রার্থীরা হলেন- আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা। দুই প্যানেলের বাইরে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই এবার।
কামাল মো. কিবরিয়া লিপু ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান। ভোটারের সংখ্যা এবার ৫৭৩ জন। তাদের ভোটেই নির্বাচিত হবে নতুন কমিটি। উল্লেখ্য, গত মেয়াদের সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই প্রার্থী হননি।
সময়ের আলো/আআ