বালোগুনের লালকার্ড আক্ষেপ

ক্রীড়া ডেস্ক

খেলা

১০ জনের দল নিয়ে আধাঘণ্টারও বেশি সময় লড়াই। তবু ভেঙে পড়েনি যুক্তরাষ্ট্র বরং লাল কার্ডের ধাক্কা সামলে শৃঙ্খলাবদ্ধ ফুটবলের প্রদর্শনীতে

2026-07-03T04:07:56+00:00
2026-07-03T04:07:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
বালোগুনের লালকার্ড আক্ষেপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:০৭ এএম 
ছবি : সংগৃহীত
১০ জনের দল নিয়ে আধাঘণ্টারও বেশি সময় লড়াই। তবু ভেঙে পড়েনি যুক্তরাষ্ট্র বরং লাল কার্ডের ধাক্কা সামলে শৃঙ্খলাবদ্ধ ফুটবলের প্রদর্শনীতে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ফ্লোরিয়ান বালোগুনের বিদায়ের পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে দুর্দান্ত মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে মৌরিসিও পচেত্তিনোর দল।

প্রথমার্ধে বালোগুনের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তার লাল কার্ডে চাপে পড়ে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই চাপ উড়িয়ে দিয়ে ৮২ মিনিটে মালিক টিলম্যানের চোখজুড়ানো ফ্রি-কিকে নিশ্চিত হয় ২-০ গোলের জয়। নকআউট পর্বের বাধা পেরিয়ে এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিকরা।

পুরো ম্যাচে আটটি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র দুটি। তবে সেই দুটি শটই পরিণত হয় গোলে। এ ছাড়া আরও দুবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি তারা। গ্রুপপর্বের তিন ম্যাচেই প্রথম ১১ মিনিটের মধ্যে গোল পেয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ধারায় এবার ছেদ পড়ে। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। তবে জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি তাদের।

বালোগুনের লাল কার্ডের পর নির্ধারিত সময়ের বাকি ২৬ মিনিট এবং যোগ করা সময়ের ১১ মিনিট ১০ জন নিয়ে খেলেও কোনো গোল হজম করেনি যুক্তরাষ্ট্র। সেরা তৃতীয় স্থানের দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে ওঠা বসনিয়া ও হার্জেগোভিনার বিশ্বকাপ অভিযান থেমে গেল এখানেই। বসনিয়ার কিংবদন্তি এদিন জেকোর এটি ছিল ১৫১তম আন্তর্জাতিক ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৪০ বছর বয়সি এই স্ট্রাইকার হয়তো জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেই ফেললেন।

ম্যাচের প্রথম ১০ মিনিটে দুই দলই বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। প্রথম লক্ষ্যে শট নেয় বসনিয়া। যুক্তরাষ্ট্রের টিলম্যান দ্রুতগতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকলেও বলের নিয়ন্ত্রণ হারান। গোলরক্ষকের লম্বা কিক থেকে আক্রমণে ওঠে বসনিয়া। দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে জেকো বাড়িয়ে দেন এরমেদিন দেমিরোভিচকে। তার শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ম্যাট ফ্রিজ। পরের মিনিটে কেরিম আলাইরবেগোভিচের সুইং করা কর্নারও প্রতিহত করেন ফ্রিজ।

গোল না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের হাতেই। তবে ৪৫ মিনিট পর্যন্ত দুই দল মিলে লক্ষ্যে শট ছিল মাত্র একটি, সেটিও বসনিয়ার। এরপরই কাক্সিক্ষত গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। গোলটিতে কিছুটা সৌভাগ্যের ছোঁয়াও ছিল। মাঝমাঠ থেকে থ্রু বল বাড়ান টিলম্যান। বসনিয়ার দুই ডিফেন্ডারের পায়ে লেগে বল পৌঁছে যায় বালোগুনের কাছে। দুই ডিফেন্ডার ও এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মোনাকোর এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের প্রথম ১৮ মিনিটে উল্লেখযোগ্য কিছু ঘটেনি। এরপরই মাঠ ছাড়তে হয় বালোগুনকে। বলের লড়াইয়ে তারিক মুহারেমোভিচের পায়ের ওপর পা তুলে দেন তিনি। রিপ্লেতে ঘটনাটি ইচ্ছাকৃত মনে না হলেও ফাউলটি ছিল বিপজ্জনক। ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। হতাশ বালোগন জার্সিতে মুখ ঢেকে ১৫ থেকে ২০ সেকেন্ড দাঁড়িয়ে থাকেন। পরে ধীরে ধীরে মাঠ ছাড়েন। সতীর্থরা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন।

একজন বেশি নিয়েও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি বসনিয়া। উল্টো ৭৮ মিনিটে ম্যাককেনির পাস থেকে কাছ থেকে বল জালে পাঠান ক্রিস্তিয়ান পুলিসিক। তবে চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা এই তারকা অফসাইডে ছিলেন। এর পরপরই আসে দ্বিতীয় গোল। টিলম্যানের ফ্রি-কিকে খুব বেশি জোর না থাকলেও ছিল নিখুঁত। ডাইভ দিয়ে বল ছুঁয়েও সেটি ঠেকাতে পারেননি গোলরক্ষক ভাসিলি।

১০ জনের দলের বিপক্ষেও বক্সে ঢুকে কার্যকর আক্রমণ গড়তে পারেনি বসনিয়া। শেষ দিকে দূরপাল্লার কয়েকটি শট নিলেও সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ বাঁশি বাজতেই গ্যালারি আর মাঠজুড়ে শুরু হয় যুক্তরাষ্ট্রের উৎসব। 

সময়ের আলো/আআ


  বিষয়:   বালোগুন  লালকার্ড  আক্ষেপ  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: